দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম মোট ৯ হাজার ৪২৫ টাকা কমানো হয়েছে। সবশেষ রোববার (২৬ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দ্বিতীয়বারের মতো স্বর্ণের দাম ভরিতে আরও ১ হাজার ৩৯ টাকা কমানোর ঘোষণা দিয়েছে, যা সোমবার (২৭ অক্টোবর) থেকে কার্যকর হবে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম হবে ২ লাখ ৭ হাজার ৯৫৭ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৮ হাজার ৪৯৮ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৭০ হাজার ১৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম হবে ১ লাখ ৪১ হাজার ৪৯৬ টাকা।
এর আগে গত ২২ অক্টোবর বাজুস প্রথম দফায় স্বর্ণের দাম সমন্বয় করেছিল, যেখানে ভরিতে ৮ হাজার ৩৮৬ টাকা কমানো হয়েছিল। সেই সময় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা ২৩ অক্টোবর থেকে কার্যকর হয়। বাজুস আরও জানিয়েছে যে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।



