বিনোদন জগতে দীর্ঘদিন ধরেই অভিনেত্রী সাদিয়া আয়মান ও নির্মাতা রেদওয়ান রনির প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে এতদিন দু’জনের কেউই এ বিষয়ে মুখ খোলেননি। অবশেষে প্রথমবারের মতো এক সাক্ষাৎকারে সম্পর্কের ইঙ্গিত দিলেন সাদিয়া নিজেই।
সম্প্রতি দেশের একটি টেলিভিশন ‘শো’তে অংশ নেন সাদিয়া আয়মান। শোটির ফরম্যাট ছিল বেশ মজার—একটি কাচের জার থেকে প্রশ্ন তুলে সঙ্গে সঙ্গে উত্তর দিতে হয়। সেই সময় সাদিয়ার হাতে উঠে আসে একটি চিরকুট, যেখানে লেখা ছিল—
“নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে আপনার প্রেমের গুঞ্জন শোনা যায়। আসলে সাদিয়া এখন কার সঙ্গে প্রেম করছেন?”
প্রশ্নটি পড়েই মুচকি হাসেন সাদিয়া। কিছুটা লজ্জিত ভঙ্গিতে উত্তর দেন,
“যা রটে, তার কিছু হলেও ঘটে।”
উপস্থাপক আবারও জানতে চান, “তাহলে বিষয়টা সত্যি?”
জবাবে সাদিয়া আরও খোলামেলা হয়ে বলেন,
“আমি ব্লাশ করছি—এতেই বোঝা উচিত। এটা তো স্পষ্ট করে বলারও কিছু না, আবার ঢাকঢোল পিটিয়েও বলার কিছু না। যেহেতু মানুষ এটা ভেবে নিয়েছে, সেহেতু ভাবতেই দিই। এটাই আমার ভালো লাগা।”
এরপর কিছুটা গম্ভীর হয়ে তিনি বলেন,
“ভবিষ্যতে কী হবে, সেটা আল্লাহ জানেন। উনার হাতেই সবকিছু। আমাদের কাজ শুধু চেষ্টা করা। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন ভালো থাকতে পারি।”
নিজের প্রেমের বিষয়ে এমন খোলামেলা মন্তব্য করলেও, নির্মাতা রেদওয়ান রনি এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি।
উল্লেখ্য, গত ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘উৎসব’-এ সাদিয়া আয়মানের অভিনয় ব্যাপক প্রশংসা পেয়েছে। সিনেমাটিতে তার চরিত্রটি ছিল বিশেষভাবে আলোচনায়। পাশাপাশি তিনি ছোট পর্দাতেও নিয়মিত কাজ করছেন এবং বর্তমানে টেলিভিশন ও ওটিটি প্ল্যাটফর্মে অন্যতম ব্যস্ত অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।



