গাজায় চলমান যুদ্ধ থামাতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চাপ দিতে হয়েছিল বলে জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি টাইম ম্যাগাজিনে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। সাক্ষাৎকারটি নেয়া হয় ১৫ অক্টোবর, যা প্রকাশিত হয় বৃহস্পতিবার (২৩ অক্টোবর)।
ট্রাম্প দাবি করেন, গাজায় সামরিক অভিযান চালিয়ে যাওয়া থেকে নেতানিয়াহুকে তিনিই থামিয়েছিলেন। তার ভাষায়, “আমি ওকে (নেতানিয়াহু) থামিয়েছি, কারণ এ যুদ্ধ বছর পর বছর ধরে চলতে পারত। আমি বিবিকে (নেতানিয়াহু) বলেছিলাম, ‘বিবি, তুমি পুরো বিশ্বের সঙ্গে লড়তে পারবে না। তুমি আলাদা লড়াই করতে পারো, কিন্তু এখন বিশ্ব তোমার বিপক্ষে। আর ইসরাইল বিশ্বের তুলনায় খুবই ছোট দেশ।’”
তিনি আরও বলেন, কাতারে হামাস প্রতিনিধিদলের ওপর ইসরাইলের হামলা ছিল একটি “কৌশলগত ভুল”। এই হামলাকে কেন্দ্র করেই ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ সৃষ্টি হয় এবং শেষ পর্যন্ত যুদ্ধবিরতির পথে যেতে বাধ্য হয় দেশটি। ট্রাম্পের মতে, “আমি কাতারের আমিরকেও বলেছিলাম, এই ঘটনাই আসলে আমাদের সবাইকে একত্র করেছে, কারণ এটি এতটাই অযৌক্তিক ছিল যে সবাই বাধ্য হয়েছে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে।”
গাজা যুদ্ধ-পরবর্তী ফিলিস্তিনি নেতৃত্ব নিয়ে প্রশ্নে ট্রাম্প সরাসরি কিছু না বললেও ইঙ্গিত দেন যে, তিনি মাহমুদ আব্বাসকে ফিলিস্তিনি নেতা হিসেবে দেখেন না। তার মতে, আব্বাস ভবিষ্যতে গাজার প্রশাসনিক নেতৃত্বেও থাকবেন না। এছাড়া, ইসরাইলের কারাগারে বন্দি জনপ্রিয় ফাতাহ নেতা মারওয়ান বারগুতির মুক্তি প্রসঙ্গেও কথা বলেন ট্রাম্প। তবে তার মুক্তির বিষয়ে ইসরাইলের ওপর চাপ প্রয়োগ করবেন কি না, সে সিদ্ধান্ত এখনো নেননি বলে জানান তিনি।
এ ছাড়াও সাক্ষাৎকারে সৌদি আরব ও ইসরাইলের সম্পর্ক নিয়েও মতামত দেন ট্রাম্প। তিনি আশা প্রকাশ করেন, বছরের শেষ নাগাদ সৌদি আরবও ‘আব্রাহাম চুক্তি’তে যোগ দেবে, যা মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে।



