ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি নিয়মিত কাজ করছেন নাটক, ওয়েব কনটেন্ট ও মিউজিক ভিডিওতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বড় পর্দায় কাজের প্রস্তাব পেলেও আপাতত সেখানে কাজ করতে আগ্রহী নন।
মাহি বলেন, “এখন অনেক সিনিয়র আর্টিস্ট বড় পর্দায় যাচ্ছেন—এটা দারুণ বিষয়, কারণ তারা জীবনের এক স্থিতিশীল পর্যায়ে পৌঁছেছেন—অর্থনৈতিক ও মানসিক দুই দিক থেকেই।” তবে নিজের অবস্থান ভেবে তিনি এখনো ছোট পর্দাতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। “আমি এখন প্রতিদিন কাজ করছি—এটাই আমার একমাত্র পেশা। কোনো ব্যবসা করি না। যদি হুট করে সিনেমায় যাই, আর বছরে এক-দুটি সিনেমা করি—তাহলে সেটা অর্থনৈতিকভাবে আমার জন্য টেকসই হবে না,” বলেন তিনি।
অভিনেত্রী আরও জানান, নিয়মিত কাজের মাধ্যমেই তিনি নিজেকে সচল রাখেন। “আমাকে সোশ্যাল মিডিয়ায় হয়তো অনেক অ্যাকটিভ মনে হয়, কিন্তু বাস্তবে আমি খুব ইনডোর টাইপ মানুষ। কাজের বাইরে তেমন কিছু করি না। কখনো হুট করে একটা পোস্ট দিই, তারপর আবার কাজে ফিরে যাই,”—এভাবেই নিজের জীবনধারা তুলে ধরেন মাহি।
নিজের ব্যক্তিগত জীবন নিয়েও খোলামেলা বক্তব্য দেন এই অভিনেত্রী। “অনেকে ভাবে আমি খুব ওয়েস্টার্ন, খুব মডার্ন বা অনেক বেশি উগ্র। আসলে আমি খুব সাধারণ মেয়ে। রান্না করি, পরিবারকে সময় দিই, খুব নরমাল একটা জীবন যাপন করি,”—বললেন মাহি।
বর্তমানে তিনি একাধিক নাটক ও ওয়েব কনটেন্টে কাজ করছেন। তবে ভবিষ্যতে ভালো গল্প, শক্তিশালী চরিত্র এবং উপযুক্ত সময় পেলে বড় পর্দায় আসার ইচ্ছা প্রকাশ করেছেন সামিরা খান মাহি।



