শিক্ষার্থীদের পাঠদানের ক্ষতি পুষিয়ে নিতে শনিবারও ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশের এমপিওভুক্ত শিক্ষকরা। আগামী বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত প্রতি শনিবার ক্লাস চলবে বলে জানিয়েছেন শিক্ষক নেতারা।
এ তথ্য নিশ্চিত করেছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সভাপতি এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজী। তিনি বলেন, “আমাদের বড় দাবি পূরণ হয়েছে। এটি আমাদের বড় বিজয়। আন্দোলন সফলভাবে শেষ করে প্রজ্ঞাপন নিয়ে আমরা ঘরে ফিরছি। আগামীকাল থেকেই শ্রেণিকক্ষে ফিরব।”
তিনি আরও জানান, গত আট দিন শিক্ষকরা শ্রেণিকক্ষে যেতে পারেননি, যা ছিল তাদের ন্যায্য দাবির অংশ। তাই শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দিতে শনিবারও স্কুল খোলা থাকবে এবং সেই আট দিনের ঘাটতি পূরণ করা হবে।
উল্লেখ্য, সম্প্রতি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্তে সম্মতি জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। সিদ্ধান্ত অনুযায়ী, দুই ধাপে এই বাড়িভাড়া ভাতা বৃদ্ধি করা হবে।
এদিকে আন্দোলন প্রত্যাহারের পর নবউদ্যমে শ্রেণিকক্ষে ফেরার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আশা প্রকাশ করেছেন যে, “শিক্ষকরা নতুন উদ্যমে পাঠদানে ফিরে যাবেন এবং শিক্ষার্থীরা উপকৃত হবে।”



