১৪ বছর পর মিরপুরে ইতিহাস গড়লো বাংলাদেশ ক্রিকেট দল। নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডেতে দীর্ঘ সময় জয়হীন ছিল টাইগাররা। শেষ ১২ ম্যাচে ১১টি হারের পর অবশেষে জয় ফিরে এলো মিরাজ-রিশাদ-মুস্তাফিজদের হাতে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে অল্প রান নিয়েও বড় জয় তুলে নেয় বাংলাদেশ।
ওয়ানডেতে ২১০ রানের নিচে স্কোর নিয়ে জয় পাওয়া খুবই বিরল। সর্বশেষ এমন কীর্তি গড়েছিল বাংলাদেশ ২০১১ সালের বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে, যখন ২০৫ রানে ম্যাচ জিতেছিল টাইগাররা। দীর্ঘ ৫৩৪৯ দিন বা প্রায় ১৪ বছর পর মিরপুরেই আবারও ছোট পুঁজি নিয়েও জয় পেল বাংলাদেশ।
রিশাদ হোসেনের অনবদ্য অলরাউন্ড পারফরম্যান্সে রঙ ছড়িয়েছে ম্যাচটি। ব্যাট হাতে ১৩ বলে ঝড়ো ২৬ রান করার পর বল হাতে নিয়েছেন ৬ উইকেট—যা তার ওয়ানডে ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার। তার হাত ধরেই ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারিয়ে সিরিজে এগিয়ে যায় বাংলাদেশ। এই জয়ের মধ্য দিয়ে টাইগাররা শুধু আত্মবিশ্বাসই ফিরে পায়নি, বরং ওয়ানডে র্যাঙ্কিংয়ে উন্নতির আশাও জাগিয়েছে।



