বহু আলোচনা ও নাটকীয়তার পর অবশেষে শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের নির্বাচন। সোমবার (৬ অক্টোবর) রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরপর সন্ধ্যা ৬টায় ফলাফল ঘোষণা করা হবে। সভাপতি ও সহসভাপতি পদে ভোটগ্রহণ হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে, আর রাত ৯টার মধ্যে ঘোষণা করা হবে চূড়ান্ত ফলাফল।
এবারের নির্বাচনে মোট ১৯১ জন কাউন্সিলর ভোটার হিসেবে তালিকাভুক্ত থাকলেও, এর মধ্যে ৪৮টি ক্লাব আগেই ভোট বর্জনের ঘোষণা দেয়। ক্লাব ক্যাটাগরিতে ১৬ জন প্রার্থীর মধ্যে নির্বাচিত হবেন ১২ জন পরিচালক। তবে শেষ মুহূর্তে ক্লাব ক্যাটাগরির প্রার্থী ফায়জুর রহমান ভূঁইয়া ভোট বর্জনের ঘোষণা দেন।
সরাসরি ভোটগ্রহণ হচ্ছে ৯৮টি কাউন্সিলের মধ্যে, আর ই-ব্যালটে ভোট দিয়েছেন আরও ৫৮ জন কাউন্সিলর। ক্যাটাগরি–১ থেকে ঢাকা, চট্টগ্রাম ও খুলনার দুই পরিচালক, বরিশাল ও সিলেট থেকেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। শুধুমাত্র রাজশাহী ও রংপুর বিভাগে অনুষ্ঠিত হচ্ছে ভোটগ্রহণ। ক্লাব ও ক্যাটাগরি–২ এ প্রার্থীদের মধ্যে হচ্ছে মূল প্রতিদ্বন্দ্বিতা।
এদিকে, বিসিবি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করা সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, দেশের প্রতিটি জেলায় ক্রিকেটের প্রসার ঘটানোই তার প্রধান লক্ষ্য। তিনি বলেন, “আমাদের উদ্দেশ্য হলো সারাদেশে ক্রিকেটের উন্নয়ন করা। আমি ঢাকা বিভাগ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি, যেখানে ১৭টি জেলা রয়েছে। আমি বিশ্বাস করি, বিসিবির নির্বাচনই দেশের অন্যতম সেরা নির্বাচন।”



