বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরকে ঘিরে বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে। টানা দুইবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবার টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে। ফ্র্যাঞ্চাইজিটির কর্ণধার মিজানুর রহমান জানিয়েছেন, বিসিবি নির্বাচনে ভোটাধিকার হারানো ও ক্রিকেট রাজনীতিতে প্রভাব কমে যাওয়াই এই সিদ্ধান্তের মূল কারণ।
তিনি বলেন, ‘ওনারা বিপিএল আয়োজন করতে পারবেন কি না সেটাই প্রশ্ন। নতুন নির্বাচিত কমিটিতে কারা আছে, যাদের ওপর ভর করে এমন বড় আয়োজন হবে? নামটাই বলুন।’
বিসিবি নির্বাচনের পর নতুন কমিটি এখনো গঠিত হয়নি, ফলে নির্ধারিত সময়ে বিপিএল আয়োজন নিয়েও দেখা দিয়েছে সংশয়। এই অনিশ্চয়তার প্রভাব পড়েছে ফরচুন বরিশালের প্রস্তুতিতেও। ইতোমধ্যেই ফ্র্যাঞ্চাইজিটি বিদেশি ক্রিকেটারদের সঙ্গে করা সব চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। মিজানুর রহমান বলেন, ‘যেসব খেলোয়াড়কে সাইন করেছিলাম, সেগুলো সব বাতিল করতে হচ্ছে। ডিসেম্বরে বিপিএল আয়োজন কার্যত অসম্ভব।’
এর ফলে বরিশালের শিরোপা হ্যাটট্রিকের স্বপ্নও বড় ধাক্কা খেতে পারে। দলের অন্যতম নির্ভরযোগ্য ক্রিকেটার তামিম ইকবাল বিসিবি নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের পরও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কোনো আলোচনা হয়নি।
অন্যদিকে, বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মাহাবুব আনামও নির্বাচনে অংশ নেননি, ফলে নতুন কমিটিতে থাকছেন না। এতে করে ফ্র্যাঞ্চাইজি আহ্বান, প্লেয়ার্স ড্রাফট ও টুর্নামেন্টের সময়সূচি নির্ধারণ—সবকিছুই অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে।
মিজানুর রহমানের অভিযোগ, বছরের পর বছর বিনিয়োগ ও শ্রম দেওয়ার পরও ফ্র্যাঞ্চাইজিগুলো প্রাপ্য সম্মান পাচ্ছে না। তাই শুধু ফরচুন বরিশাল নয়, পুরো বিপিএলের ভবিষ্যৎ নিয়েই এখন প্রশ্ন উঠছে।



