বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অফস্পিনার নাসুম আহমেদের বাবা আক্কাস আলী অভাবের সংসারে সিকিউরিটি গার্ডের চাকরি করছেন। মাসিক মাত্র ৮ হাজার টাকা বেতনে তিনি হাউজিং এস্টেটে নিরাপত্তা রক্ষীর দায়িত্ব পালন করছেন। কারণ, চার বছরের বেশি সময় ধরে ছেলের সঙ্গে তার যোগাযোগ নেই। এ খবর জানাজানি হতেই নেটদুনিয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নাসুমের ভক্ত ও অনুরাগীরা হতবাক হয়ে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
আক্কাস আলী বলেন, “বাবা হিসেবে আমার একটাই চাওয়া— নাসুম বড় কিছু হোক। আমার ব্যক্তিগত আর কোনো চাহিদা নেই।” স্থানীয়রা জানান, নাসুমের মা মারা যাওয়ার পর থেকেই বাবা-ছেলের মধ্যে দূরত্ব তৈরি হয়। অথচ এই বাবা-ই ছিলেন তার সবচেয়ে বড় ভরসা— রিকশা চালানো, সবজি বিক্রি থেকে শুরু করে রঙের কাজ করেছেন শুধু নাসুমকে পড়াশোনা করাতে এবং জাতীয় দলের ক্রিকেটার বানাতে।
নাসুমের চাচা লুবন মিয়া জানান, “আমাদের ভাতিজার প্রতি অনেক মায়া আছিল। কিন্তু বিয়ের পর সে কেন এমন পরিবর্তন হলো, তা বুঝতে পারছি না।” স্থানীয় বাসিন্দা আসাদুজ্জামান বলেন, “নাসুমের বাবা সব রকম কষ্ট করে তাকে মানুষ করেছেন। কিন্তু এখন তিনি ছেলের থেকে আলাদা হয়ে গেছেন। কেন এমন হলো, সেটা কেউ জানে না।”
অন্যদিকে নিজের অবস্থান ব্যাখ্যা করে নাসুম আহমেদ বলেন, “আমি তো আমার দায়িত্ব পালন করছি। বাবাকে মাসে মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা দিচ্ছি। তবে যেহেতু তিনি আমাদের সঙ্গে থাকেন না এবং নিজের মতো করে থাকতে চান, সেখানে আমার কিছু করার নেই।”
উল্লেখ্য, নাসুম ২০২১ সালে ক্যারিয়ারের শুরুতে জন্মস্থান নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। সে সময় তাকে সুনামগঞ্জের দিরাই উপজেলার সন্তান হিসেবে প্রচারণা চালানো হলেও তিনি নিজেকে সিলেট জেলার বলে দাবি করেন এবং জেলা ক্রীড়া সংস্থার ওপর থাকা নিষেধাজ্ঞার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন।



