মাঠে ফিরেই আবারও নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন লিওনেল মেসি। লিগস কাপের ম্যাচে বুধবার রাতে আটলাসের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন তিনি। দুটি অসাধারণ অ্যাসিস্টের মধ্যে একটি ছিল অতিরিক্ত সময়ে জয়সূচক গোল, যা ইন্টার মায়ামিকে এনে দেয় নাটকীয় ২-১ গোলের জয়।
এমএলএস অল-স্টার গেমে অংশ না নেওয়ার কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরেন মেসি। তবে ম্যাচের শুরুতে ছন্দ খুঁজে পেতে কিছুটা সময় লেগেছে বলে স্বীকার করেন তিনি। ম্যাচ শেষে মেসি বলেন, “সত্যি বলতে, গরমের কারণে এবং আগের ম্যাচ না খেলায় শুরুটা কঠিন ছিল। বিশ্রাম অনেকের জন্য ভালো হতে পারে, কিন্তু আমার জন্য নয়। আমি খেললেই ছন্দে ফিরতে পারি।”
তিনি আরও বলেন, “আমাকে খেলতে দিতে হবে। ম্যাচ খেললেই আমি নিজেকে ভালোভাবে প্রস্তুত করতে পারি। প্রথমার্ধে সেটা বোঝা গেছে, তবে জয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
ম্যাচের শেষ মুহূর্তে মেসির ক্রস থেকে মার্সেলো ওয়েইগান্টের গোলে জয় নিশ্চিত হয় ইন্টার মায়ামির। যদিও প্রথমে অফসাইড ধরা পড়লেও ভিএআর রিভিউ শেষে গোলটি বৈধ ঘোষণা করা হয়।
মেসির ফর্ম এখন এতটাই দুর্দান্ত যে, ইন্টার মায়ামির সর্বশেষ ২৭টি গোলের মধ্যে ২১টিতেই তিনি সরাসরি অবদান রেখেছেন—গোল অথবা অ্যাসিস্টের মাধ্যমে।
এদিন অভিষেক ম্যাচ খেলেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল। তার সঙ্গে মেসির বোঝাপড়া ছিল চোখে পড়ার মতো। কোচ হাভিয়ের মাশ্চেরানো বলেন, “রদ্রিগো আমাদের দলে নতুন মাত্রা এনেছে। ও বিশ্বচ্যাম্পিয়ন দলের গুরুত্বপূর্ণ অংশ এবং লিওর সঙ্গে তার বোঝাপড়া দারুণ—মাঠের ভেতরেও, বাইরে থেকেও।”
মাশ্চেরানো আরও বলেন, “আমরা যারা লিওর সঙ্গে খেলেছি, জানি এই ধরনের সংযোগ বিরল। আমাদের উচিত সেটার সর্বোচ্চ ব্যবহার করা।”
এই জয়ের ফলে ইন্টার মায়ামির সামনে এখন লিগস কাপ গ্রুপ পর্বে নেকাক্সা ও পুমাসের বিপক্ষে বাকি দুটি ম্যাচ। মেসির ভাষায়, “মেক্সিকান দলগুলোর বিপক্ষে খেলা সবসময়ই বড় চ্যালেঞ্জ। এই টুর্নামেন্ট সংক্ষিপ্ত হলেও ট্রফি জয়ের সুযোগ আছে। আমরা প্রতি বছরই লড়াই করি, এবারও করব।”



