বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ অবশেষে তার বিরুদ্ধে ওঠা মারধর ও হুমকির অভিযোগ সম্পর্কে মুখ খুলেছেন। সোমবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টে তিনি পুরো বিষয়টিকে “মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত” বলে দাবি করেন।
সম্প্রতি অভিযোগ ওঠে যে, তাসকিন তার ছোটবেলার বন্ধু সিফাতুর রহমান সৌরভকে ফোনে ডেকে এনে মারধর ও হুমকি দিয়েছেন। এই অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে। ঘটনাটি বর্তমানে তদন্তাধীন, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজস্ব অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে।
নিজের অবস্থান স্পষ্ট করতে তাসকিন তার ফেসবুক পোস্টে লেখেন, “সবাইকে অনুরোধ, গুজবে বিভ্রান্ত হবেন না। আমি আমার ছোটবেলার বন্ধুর গায়ে হাত তুলেছি— এমন একটা ঘটনায় অনেক কিছুই ঘটে যাচ্ছে। এটা আমার, আমার পরিবার এবং আমার বন্ধুর জন্য সম্মানজনক নয়। বন্ধু ও আমার মধ্যে ইতোমধ্যে কথা হয়েছে। যা ঘটেছে, তা কখনোই এমন পর্যায়ে যাওয়ার কথা ছিল না।”
তিনি আরও লেখেন, “শুধু একটা কথাই বলতে চাই, বিষয়টা অন্য, বাস্তবতা ভিন্ন। এসব মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আশা করি, আপনারা সত্যের পাশেই থাকবেন, কারণ সত্য কখনো মিথ্যা হয় না।”
তাসকিনের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর বিসিবির পরিচালক ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু গণমাধ্যমকে জানান, তারা বিষয়টি অবগত হয়েছেন এবং তদন্ত কাজ শুরু হয়েছে। তিনি বলেন, “একজন আইকন ক্রিকেটারের এমন ঘটনায় জড়ানো কখনোই কাম্য নয়।”
উল্লেখ্য, মাত্র কয়েক দিন আগেই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে প্রশংসা পেয়েছিলেন তাসকিন। কিন্তু মাঠের বাইরের এই বিতর্ক তার পেশাদার ক্রিকেট ক্যারিয়ারে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে।
এখন নজর থাকবে বিসিবি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তে কী তথ্য উঠে আসে এবং শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত গৃহীত হয়।



