ভারতের কেরালার আলাপ্পুঝা জেলার বাসিন্দা ও ট্রাভেল ভ্লগার শাফীক হাশিম এক অনন্য এবং সৃজনশীল উদ্যোগের মাধ্যমে নিজের টাক মাথাকে বিজ্ঞাপনের প্ল্যাটফর্মে পরিণত করে সাড়া ফেলে দিয়েছেন। সাহসী এই ধারণা বাস্তবায়ন করে তিনি একটি হেয়ার ও স্কিন ক্লিনিকের সঙ্গে তিন মাসের জন্য বিজ্ঞাপন চুক্তি করেন, যার মাধ্যমে আয় করেন ৫০ হাজার রুপি।
চুক্তির আওতায় শাফীক তার মাথায় অস্থায়ীভাবে ক্লিনিকটির লোগো ট্যাটু করিয়েছেন, যা তার পরবর্তী তিনটি ইউটিউব ভিডিওতে স্পষ্টভাবে দেখা যাবে। ভিডিও শুটিংয়ে তিনি মাথাকে এমনভাবে উপস্থাপন করবেন, যাতে বিজ্ঞাপনটি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। তবে এই ট্যাটুটি রাসায়নিক উপায়ে সহজেই মুছে ফেলা সম্ভব।
এক সময় চুল প্রতিস্থাপন করার চিন্তা করলেও পরে শাফীক উপলব্ধি করেন, টাক মাথা কোনো লজ্জার বিষয় নয়; বরং এটিকে ব্যবহার করে সৃজনশীলভাবে আয় করা যায়। এই ভাবনা থেকেই মাথায় বিজ্ঞাপন প্রদর্শনের ধারণা তৈরি হয়। তিনি যখন তা সামাজিকমাধ্যমে শেয়ার করেন, সেটি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং বিভিন্ন ব্র্যান্ড ও সংবাদমাধ্যমের নজর কাড়ে।
শাফীক জানান, সম্ভবত তিনিই ভারতে, এমনকি বিশ্বেও প্রথম ব্যক্তি যিনি নিজের টাক মাথাকে বিজ্ঞাপনের জায়গা হিসেবে ব্যবহার করেছেন। এটি শুধু জনপ্রিয়তা পাওয়ার জন্য নয়, বরং শরীর ও সৌন্দর্য নিয়ে সমাজের প্রচলিত ধারণার বিরুদ্ধে এক প্রকার প্রতিবাদ হিসেবেও কাজ করেছে তার এই উদ্যোগ।
ইনস্টাগ্রামে নিজের অভিজ্ঞতা শেয়ার করে শাফীক বলেন, কলেজজীবনে টাক নিয়ে বহু কটূক্তি সহ্য করতে হয়েছে তাকে। কিন্তু এখন সেই টাক মাথাই হয়ে উঠেছে তার আত্মবিশ্বাসের উৎস ও একটি ব্র্যান্ডিং প্ল্যাটফর্ম। শেষ পর্যন্ত তিনি ভারতের একটি বহুল পরিচিত স্কিন ক্লিনিকের সঙ্গে চুক্তিবদ্ধ হন এবং আশাবাদী যে ভবিষ্যতে আরও ব্র্যান্ড তার এই অভিনব আইডিয়ায় আগ্রহী হবে।
শাফীকের ভাষায়, “আমি এটা খ্যাতির জন্য করছি না, বরং মানুষকে তাদের শরীর নিয়ে আত্মবিশ্বাসী করে তুলতেই চাই।”



