গুরুতর আহত হয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। তিনি তার মেয়ে সুহানা খানের সঙ্গে নতুন ছবি ‘কিং’-এর শুটিংয়ে ব্যস্ত ছিলেন। দীর্ঘ কয়েক মাস ধরে ছবিটির শুটিং লন্ডনে দফায় দফায় চলছিল। এই সময়েই এক পর্যায়ে তার পেশিতে চোট লাগে। চোট গুরুতর হওয়ায় সাময়িকভাবে সিনেমার শুটিং বন্ধ রাখা হয়েছে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য শাহরুখকে যুক্তরাষ্ট্রে নেওয়া হচ্ছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, এখন তাকে অন্তত এক মাস সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। তার শারীরিক অবস্থা বিবেচনা করেই পরবর্তী শুটিংয়ের সময়সূচি নির্ধারণ করা হবে।
‘কিং’ প্রোডাকশন হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরের জুলাই ও আগস্ট মাসে শুটিং বন্ধ রাখা হবে। তবে সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসে আবারও শুটিং শুরু করা হতে পারে। পুরো বিষয়টি নির্ভর করছে শাহরুখ খানের শারীরিক সুস্থতার ওপর।
আসন্ন এই সিনেমায় শাহরুখ ও সুহানা খানের পাশাপাশি রয়েছেন অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন ও রানী মুখার্জীর মতো বলিউডের জনপ্রিয় তারকারা। সিনেমাটি ২০২৫ সালের শেষদিকে কিংবা ২০২৬ সালের শুরুতে মুক্তি পাবে বলে আশা করছে সংশ্লিষ্ট টিম।



