এক ম্যাচ হাতে রেখেই সমতায় ফিরেছে বাংলাদেশ। দাম্বুলায় অনুষ্ঠিত বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে শ্রীলঙ্কাকে ৮৩ রানে হারিয়ে সিরিজে ১-১ এ সমতা ফেরাল টাইগাররা। ম্যাচজয়ী এই পারফরম্যান্সে ব্যাট হাতে নেতৃত্ব দেন অধিনায়ক লিটন দাস, আর বল হাতে ঘূর্ণি ছড়ান রিশাদ হোসেন।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুর ধাক্কা সামলাতে পারেনি বাংলাদেশ। মাত্র ৭ রানেই দুই ওপেনার ফিরে যান সাজঘরে। তবে বিপর্যয়ের মধ্যে দাঁড়িয়ে লিটন দাস দৃঢ় হাতে হাল ধরেন। প্রথমে তাওহীদ হৃদয় এবং পরে শামীম হোসেন পাটোয়ারীর সঙ্গে জুটি গড়ে দলকে টেনে তোলেন। লিটন খেলেন ৫০ বলে ৭৬ রানের ক্যাপ্টেনস ইনিংস, যাতে ছিল ৫টি ছক্কার ঝলক। শামীম মাত্র ২৭ বলে ৪৮ রান করেন ঝড়ো ইনিংসে। শেষ পর্যন্ত বাংলাদেশ সংগ্রহ করে ২০ ওভারে ১৭৭ রান।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে শ্রীলঙ্কা। দ্বিতীয় ওভারেই কুশল মেন্ডিস রান আউট হন শামীমের দুর্দান্ত থ্রোয়ে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লঙ্কানরা। পাওয়ারপ্লের মধ্যেই হারায় ৪ উইকেট, আর সেখান থেকে আর ম্যাচে ফিরতে পারেনি তারা।
বাংলাদেশের পক্ষে বোলিংয়ে সবচেয়ে বড় আলোচনার নাম রিশাদ হোসেন। তিনি মাত্র ৩.২ ওভারে ১৮ রান দিয়ে শিকার করেন ৩ উইকেট। পাশাপাশি শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিনও নেন ২টি করে উইকেট। লঙ্কান ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে যায় ১৫.২ ওভারে মাত্র ৯৪ রানে।
ম্যাচসারাংশঃ
বাংলাদেশ: ১৭৭/৭ (২০ ওভার)
লিটন দাস: ৭৬ (৫০), শামীম: ৪৮ (২৭), হৃদয়: ৩১ (২৫)
বিনুরা ফার্নান্দো: ৩/৩১
শ্রীলঙ্কা: ৯৪ অলআউট (১৫.২ ওভার)
নিশাঙ্কা: ৩২, শানাকা: ২০
রিশাদ: ৩/১৮, শরিফুল: ২/১২, সাইফউদ্দিন: ২/২১
ফল: বাংলাদেশ ৮৩ রানে জয়ী



