যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ায় আগামীকাল শনিবার (৩ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে বাঙালির ঐতিহ্য, খাবার ও সংস্কৃতিনির্ভর আয়োজন ‘পান্তা ইলিশ’। একাত্তর ফাউন্ডেশনের নিবেদনে আয়োজিত এ অনুষ্ঠানের প্রতিপাদ্য ‘বাংলার স্বাদ, ঐতিহ্য ও ভালোবাসার মিলনমেলা’। সকাল ১১টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত Fort Hunt Park-এর Group Picnic Area A-001-এ চলবে এ আয়োজন। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত এবং এতে কোনো প্রবেশমূল্য রাখা হয়নি।
আয়োজনে থাকছে বাঙালির ঐতিহ্যবাহী নানা খাবারের সমাহার। এর মধ্যে রয়েছে লাইভ ইলিশ ভাজা, পান্তা ভাত, মেজবানি গরুর মাংস ও বিভিন্ন ধরনের ভর্তা। খাবারের পাশাপাশি থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সব বয়সী মানুষের জন্য আনন্দ-বিনোদনের আয়োজন। ফলে প্রবাসের মাটিতে পরিবার ও বন্ধুদের সঙ্গে একত্র হয়ে বাঙালির চিরচেনা খাবার, ঐতিহ্য ও সংস্কৃতির স্বাদ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, সবার অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও আনন্দময় ও প্রাণবন্ত হয়ে উঠবে। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বাঙালি সংস্কৃতি ও দেশীয় খাবারের প্রতি আগ্রহী সবাইকে এ আয়োজনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। ‘পান্তা ইলিশ’ আয়োজনের মাধ্যমে প্রবাসেও বাঙালির ঐতিহ্যবাহী খাবার ও সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতির পরিবেশ তৈরি হবে বলে আশা করছেন আয়োজকরা।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে Fort Hunt Park, Group Picnic Area A-001, 8999 Fort Hunt Rd., Alexandria, VA 22308 ঠিকানায়। পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে নিয়ে দিনটি উপভোগ করার পাশাপাশি দেশীয় খাবারের স্বাদ ও সাংস্কৃতিক আয়োজন উপভোগের সুযোগ থাকছে সবার জন্য।



