রাজধানীর ভাটারা থানায় দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। রোববার (১৩ জুলাই) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানের আদালতে হাজির হন তিনি। আদালতে উপস্থিতির সময় মুখে মাস্ক, বোরকা ও হিজাবে নিজেকে আচ্ছাদিত রেখেছিলেন অপু। আত্মসমর্পণের পর তিনি জামিন আবেদন করলে আদালত ১০ হাজার টাকা বন্ডে পুলিশ প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।
এর আগে গত বৃহস্পতিবার হাইকোর্টের নির্দেশ অনুযায়ী অপু বিশ্বাসের আইনজীবীর মাধ্যমে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালতে জামিননামা দাখিল করা হয়।
অপু বিশ্বাসের আইনজীবী অ্যাডভোকেট আবুল বাশার কামরুল জানান, গত ২ জুন অপু বিশ্বাস উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পান। জামিনের মেয়াদ শেষ হওয়ার আগেই হাইকোর্টের নির্দেশ মোতাবেক তিনি বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
উল্লেখ্য, একই মামলায় গত ১৮ মে গ্রেপ্তার হয়েছিলেন আরেক চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সেই সময় তাকে গ্রেপ্তারের ঘটনায় দেশব্যাপী শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। পরে ২০ মে আদালত তাকে জামিন দেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে ভাটারা থানায় মামলা করা হয়। মামলার আসামির তালিকায় অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, আসনা হাবিব ভাবনা, অভিনেতা জায়েদ খানসহ ১৭ জন তারকা রয়েছেন। এছাড়া মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জনকেও আসামি করা হয়েছে। অভিযোগে উল্লেখ রয়েছে, এসব তারকারা বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থায়নে সক্রিয়ভাবে কাজ করেছেন।



