জীবনের অনেক সময়ই আমরা দেখি, গুরুত্বপূর্ণ কিছু মনে রাখতে পারি না। এক ঘর থেকে অন্য ঘরে গিয়ে ভুলে যাই কেন গিয়েছিলাম, বা অনেকক্ষণ পড়ার পর পরীক্ষার হলে গিয়ে দেখি কিছুই মনে নেই। তখন অনেকেই দুশ্চিন্তায় পড়ে যান—বুঝি ভুলে যাওয়ার রোগ ধরেছে! কিন্তু চিন্তার কিছু নেই। এটা একেবারেই স্বাভাবিক বিষয় এবং প্রায় সবার সঙ্গেই ঘটে থাকে।
গবেষণা বলছে, মানব মস্তিষ্কের গঠনই এমন যে, প্রতিটি খুঁটিনাটি তথ্য সে মনে রাখে না। বরং মস্তিষ্ক বেছে নেয় কোন তথ্য আমাদের প্রয়োজন, কোনটা নয়। যেসব বিষয় আমাদের বেঁচে থাকতে, প্রতিদিন চলতে বা সমস্যা মোকাবিলা করতে সাহায্য করে, সেগুলো বেশি মনে থাকে। যেমন পরিচিত মুখ, বিপদ, অভ্যস্ত রুটিন ইত্যাদি। ফলে, সব কিছু মনে রাখতে না পারা কোনো ব্যর্থতা নয়—বরং মস্তিষ্কের কাজেরই অংশ।
তবে প্রশ্ন থেকে যায়—আসলেই দরকারি তথ্য কীভাবে মনে রাখবেন? এজন্য নিচে দেওয়া হলো পাঁচটি সহজ ও বিজ্ঞানসম্মত উপায়।
১. একবারে গিলতে যাবেন না, সময় নিয়ে শিখুন
জার্মান গবেষক হারমান এববিংহাউস দেখিয়েছেন, আমরা নতুন শেখা জিনিস দ্রুত ভুলে যাই যদি তা একবারেই সবটুকু শিখে ফেলতে চাই। বরং, যদি শিখে কিছুক্ষণ পর আবার দেখি—দিন, তিন দিন বা এক সপ্তাহ পরে—তাহলে সেটা দীর্ঘসময় মনে থাকে।
সহজ উপায়: ছোট ছোট নোট বানান বা কার্ডে লিখে সময় সময় দেখে নিন। এতে তথ্য মস্তিষ্কে গভীরভাবে গেঁথে যায়।
২. শেখা বিষয় নিজের সঙ্গে মিলিয়ে নিন
আমরা এমন তথ্য বেশি মনে রাখতে পারি যার সঙ্গে আমাদের অনুভব বা ব্যক্তিগত অভিজ্ঞতার সম্পর্ক আছে। মস্তিষ্ক যেটা “পরিচিত” মনে করে, সেটাই ধরে রাখে বেশি সময়।
সহজ উপায়: কোনো কিছু শিখলে সেটাকে নিজের জীবনের উদাহরণ দিয়ে কল্পনা করুন। যেমন ইতিহাস পড়লে ভাবুন আপনি সেই সময়ের মানুষ ছিলেন।
৩. ভালো ঘুম মানেই ভালো স্মৃতি
ঘুম শুধু ক্লান্তি দূর করে না, শেখা জিনিসকে শক্তভাবে স্মৃতিতে গেঁথে রাখে। গভীর ঘুমের সময়েই মস্তিষ্ক তথ্যগুলো দীর্ঘমেয়াদে জমা রাখে।
সহজ উপায়: নতুন কিছু শেখার পর অন্তত এক রাত ভালো ঘুম দিন। গবেষণা বলছে, এমনকি ৯০ মিনিটের ঘুমও কাজে দেয়।
৪. শুধু পড়লেই হবে না, নিজেই নিজের পরীক্ষা নিন
বারবার পড়া যতটা কাজে দেয়, তার চেয়ে বেশি উপকারী নিজে নিজে মনে করার চেষ্টা করা। এতে মস্তিষ্ক বুঝে নেয় এই তথ্য গুরুত্বপূর্ণ এবং জমা রাখে।
সহজ উপায়: পড়া শেষে বই বন্ধ করে মুখে বলুন আপনি কী শিখেছেন, বা নিজের ভাষায় লিখে ফেলুন।
৫. হাতে লিখলে স্মৃতি থাকে বেশি
টাইপিং দ্রুত হয়, কিন্তু হাতে লেখার সময় মস্তিষ্ক বেশি সক্রিয় থাকে। এতে শেখা বিষয় শুধু মুখস্থ নয়, বোঝা সহজ হয়।
সহজ উপায়: একটি খাতা রাখুন, যেখানে নিজের ভাষায় নতুন তথ্য লিখে রাখবেন। ছবি বা ডায়াগ্রাম আঁকাও সাহায্য করবে।
সবশেষে মনে রাখা দরকার, আমাদের মস্তিষ্ক কোনো ক্যামেরা নয়। এটি একটি বুদ্ধিমান লাইব্রেরিয়ান, যেটি শুধু দরকারি জিনিসই মনে রাখে। তাই সঠিক কৌশলে নিয়মিত চর্চা করলে গুরুত্বপূর্ণ তথ্য সহজেই মনে রাখা সম্ভব।



