আবারও পিতৃত্বের স্বাদ পেলেন ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার নেইমার জুনিয়র। এবারে তাঁর ও প্রেমিকা ব্রুনা ব্যাঙ্কার্ডির কোলজুড়ে এসেছে এক কন্যাসন্তান, যার নাম রাখা হয়েছে মেল। ৫ জুলাই ভোরে জন্ম নেওয়া এই নবজাতক নেইমার-ব্যাঙ্কার্ডি দম্পতির জীবনে এনেছে নতুন আলো ও আনন্দ।
ইনস্টাগ্রামে ছোট্ট মেলকে কোলে নিয়ে একটি ছবি শেয়ার করেন ব্যাঙ্কার্ডি। আবেগঘন এক বার্তায় তিনি লেখেন, ‘আমাদের মেল এসেছে—আমাদের জীবনকে আরও মিষ্টি করে তুলতে। স্বাগতম, মেয়ে! ঈশ্বর যেন তোমার জীবনকে আশীর্বাদ ও নিরাপত্তায় রাখেন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি তোমার সঙ্গে এই নতুন অধ্যায় শুরু করার।’
৩৩ বছর বয়সী নেইমারের জন্য এটি চতুর্থ সন্তান। তার প্রথম সন্তান ডাভি লুকা, ২০১১ সালে জন্ম নেয় সাবেক প্রেমিকা ক্যারোলিনা ডান্তাসের ঘরে। এরপর বর্তমান সঙ্গী ব্যাঙ্কার্ডির সঙ্গেই জন্ম নেয় মাভি নামের একটি কন্যাসন্তান। আর তৃতীয় সন্তানের মা আমান্ডা কিম্বারলি, নেইমারের আরেক সাবেক প্রেমিকা।
বর্তমানে ব্রাজিলে ফিরে নিজ দেশের ক্লাব সান্তোসে খেলা শুরু করেছেন নেইমার। মাঠের পাশাপাশি এখন পরিবারের প্রতিও দিচ্ছেন পূর্ণ সময় ও মনোযোগ। বড় মেয়ে মাভি, তার ছোট বোন মেলকে পেয়ে আনন্দে আত্মহারা। আর নেইমার নিজেও সময় কাটাচ্ছেন পরিবারের এই নতুন সদস্যের সঙ্গে।
চলতি বছরের জানুয়ারিতে সান্তোসে ফিরেই নেইমার আবারও হয়ে উঠেছেন ঘরের ছেলে। তার চুক্তি চলবে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত। এরপর ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে বড় ক্লাবগুলো থেকে আগ্রহ এলে নতুন করে সিদ্ধান্ত নেবেন তিনি। তবে আপাতত, মাঠের বাইরেই জীবনের সবচেয়ে দারুণ সময় কাটাচ্ছেন ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা।
মেয়ের আগমনে নেইমারের জীবন যেন আরও রঙিন হয়ে উঠেছে—পরিবার, ভালোবাসা ও নতুন সূচনার এক অনন্য মুহূর্তে।



