বাংলাদেশ নারী ফুটবলের অগ্রযাত্রায় যুক্ত হচ্ছে নতুন এক অধ্যায়। আসছে আগস্টেই একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাংলাদেশের নারী দল মুখোমুখি হবে তুরস্কের নারী দলের সঙ্গে। গত শুক্রবার (৪ জুলাই) ইস্তানবুলে তুরস্ক ফুটবল ফেডারেশনের (টিএফএফ) সদর দপ্তরে এ ব্যাপারে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং টিএফএফ প্রেসিডেন্ট ইব্রাহিম এথেম হাজি ওসমানওগলু।
আলোচনায় উপদেষ্টা আসিফ মাহমুদ বাংলাদেশের সাম্প্রতিক ফুটবল উন্নয়নের চিত্র, প্রবাসী ফুটবলারদের জাতীয় দলে অন্তর্ভুক্তি এবং টেকসই ফুটবল কাঠামো গড়ার পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি তিনি উল্লেখ করেন, বাংলাদেশে তুর্কি ফুটবলের বড় এক সমর্থকগোষ্ঠী রয়েছে, যা এ প্রীতি ম্যাচকে দুই দেশের ভ্রাতৃসুলভ সম্পর্ক আর মজবুত করতে সহায়তা করবে।
টিএফএফ প্রেসিডেন্ট উষ্ণভাবে প্রস্তাবটি গ্রহণ করেন এবং সবকিছু অনুকূলে থাকলে আগস্টেই এ ঐতিহাসিক ম্যাচ আয়োজনের আশ্বাস দেন। শুধু ম্যাচ আয়োজনই নয়, তুরস্ক কোচ ও রেফারিদের দক্ষতা বৃদ্ধি, ক্রীড়া চিকিৎসা, প্রশিক্ষণ বিনিময় ও কারিগরি সহায়তাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা করার প্রতিশ্রুতিও দিয়েছে।
দুই দেশের এই ক্রীড়া-কূটনীতিক উদ্যোগ ভবিষ্যতে নারী ফুটবল ছাপিয়ে অন্য খেলাতেও পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত খুলে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



