আপনি কি দামি হেয়ার প্রোডাক্ট ব্যবহার করে হতাশ? বারবার চুল পড়ে যাচ্ছে, কিন্তু কোনো সমাধান মিলছে না? চুলের যত্নে এবার ঘরোয়া উপায়ে তৈরি করে ফেলুন কার্যকরী হেয়ার সিরাম। প্রাকৃতিক উপাদান যেমন নারকেল তেল, অ্যালোভেরা, গোলাপজল ও গ্লিসারিন দিয়েই বানিয়ে নিতে পারেন এমন সিরাম, যা চুলের গোঁড়া মজবুত করে, ভাঙা রোধ করে ও চুলের স্বাস্থ্য ফিরিয়ে আনে।
হেয়ার গ্রোথ সিরাম আসলেই কি কাজ করে?
হ্যাঁ, চুলের জন্য তৈরি সিরামে এমন উপাদান থাকে যা চুলকে আর্দ্র ও পুষ্টি জোগায়। যেমন হায়ালুরোনিক অ্যাসিড ও গ্লিসারিন চুলে আর্দ্রতা ধরে রাখে, ফলে চুল শুষ্ক হয় না ও ভাঙে না। অনেক সিরামে নারকেল, বাদাম বা আরগান তেল ব্যবহার করা হয়—যাতে থাকা ফ্যাটি অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট চুলের গোড়ায় পুষ্টি জোগায়।
ভালো মানের সিরামে কেরাটিন, অ্যামিনো অ্যাসিড ও গাছজাত প্রোটিন থাকে, যা ক্ষতিগ্রস্ত চুল সারাতে সাহায্য করে। এমন সিরাম চুলে এক ধরনের সুরক্ষাবলয় তৈরি করে, যা রোদ, ধুলাবালি ও পরিবেশগত ক্ষতির হাত থেকে চুলকে রক্ষা করে। ফলে চুল পড়ে কম, জট কমে ও চুল হয় মসৃণ ও উজ্জ্বল। যদিও এটি সরাসরি চুল গজায় না, তবে ভাঙা চুল রোধ করে এবং চুল ঘন দেখায়।
চুলের যত্নে ঘরেই তৈরি ৫টি কার্যকরী হেয়ার গ্রোথ সিরাম
১. অ্যালোভেরা ও নারকেল তেলের সিরাম
উপকরণ:
২ টেবিল চামচ টাটকা অ্যালোভেরা জেল
১ টেবিল চামচ নারকেল তেল
চাইলে ৩–৪ ফোঁটা রোজমেরি তেল
প্রস্তুত ও ব্যবহার:
সব উপকরণ মিশিয়ে ফ্রিজে রেখে দিন। গোসলের পর ভেজা চুলে মাঝখান থেকে আগা পর্যন্ত ব্যবহার করুন। এটি চুলে আর্দ্রতা ধরে রাখে ও মসৃণতা বাড়ায়।
২. গোলাপজল ও গ্লিসারিনের সিরাম
উপকরণ:
৩ টেবিল চামচ গোলাপজল
১ টেবিল চামচ গ্লিসারিন
চাইলে ২–৩ ফোঁটা ভিটামিন ই তেল
প্রস্তুত ও ব্যবহার:
স্প্রে বোতলে সব উপকরণ মিশিয়ে নিন। চুল ধোয়ার পর ভেজা চুলে স্প্রে করুন। এটি হালকা সিরাম, দিনে একাধিকবারও ব্যবহার করা যায়।
৩. গ্রিন টি ও অ্যালোভেরা সিরাম
উপকরণ:
১/৪ কাপ ঠান্ডা গ্রিন টি
২ টেবিল চামচ অ্যালোভেরা জেল
১ চা চামচ মধু
প্রস্তুত ও ব্যবহার:
উপকরণগুলো মিশিয়ে ফ্রিজে সংরক্ষণ করুন। চুল ধোয়ার পর লাগান। এটি চুলকে পুষ্টি দেয় ও আর্দ্রতা ধরে রাখে।
৪. জবা ফুল ও জলপাই তেলের সিরাম
উপকরণ:
৪–৫টি ধোয়া জবা ফুল (পেস্ট করা)
২ টেবিল চামচ জলপাই তেল
প্রস্তুত ও ব্যবহার:
জবা ফুল পেস্ট করে তেলের সঙ্গে মিশিয়ে হালকা গরম করুন। তারপর ভেজা চুলে ৩০ মিনিট রাখুন। চাইলে হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এটি চুলে উজ্জ্বলতা বাড়ায় ও ফ্রিজ নিয়ন্ত্রণে রাখে।
৫. ক্যাস্টর অয়েল ও অ্যালোভেরার সিরাম
উপকরণ:
১ টেবিল চামচ ক্যাস্টর অয়েল
২ টেবিল চামচ অ্যালোভেরা জেল
১ ফোঁটা টি ট্রি অয়েল
প্রস্তুত ও ব্যবহার:
সব উপাদান মিশিয়ে চুলের গোঁড়ায় ম্যাসাজ করুন। সপ্তাহে ২ বার ব্যবহার করুন। এটি চুল পড়া রোধে বিশেষ কার্যকর।
চুলের যত্নে ঘরে তৈরি এসব প্রাকৃতিক সিরাম নিয়মিত ব্যবহার করলে চুলের স্বাস্থ্য ধীরে ধীরে ফিরে আসবে। তবে যদি চুলের বিশেষ কোনো সমস্যা থেকে থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।



