ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার ২০২৬ ফিফা বিশ্বকাপে খেলুক—এমনটি চান না দেশের ৪১ শতাংশ নাগরিক। সাম্প্রতিক এক জনমত জরিপে উঠে এসেছে এ তথ্য। জরিপটি পরিচালনা করেছে দেশটির একটি গুরুত্বপূর্ণ জনমত গবেষণা প্রতিষ্ঠান ‘ডাটাফোলা’।
জরিপে অংশগ্রহণ করেছেন ১৬ বছর কিংবা তার বেশি বয়সী ২০০৪ জন ব্রাজিলিয়ান নাগরিক। অংশগ্রহণকারীদের মতামতের পেছনে প্রভাব ফেলেছে নেইমারের ইনজুরি সমস্যা, মাঠের বাইরের বিতর্কিত আচরণ ও সাম্প্রতিক পারফরম্যান্স। যেখানে ৪১ শতাংশ মানুষ নেইমারকে বিশ্বকাপ দলে দেখতে চান না, সেখানে ৪৮ শতাংশ মানুষ এখনো তাকে দলে দেখতে আগ্রহী।
এদিকে, ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল তাদের পরবর্তী দুটি ম্যাচ খেলবে আগামী সেপ্টেম্বরে। একটি ম্যাচে তারা চিলির মুখোমুখি হবে ঘরের মাঠে, অন্যটিতে বলিভিয়ার বিপক্ষে খেলবে প্রতিপক্ষের মাঠে। এই দুটি ম্যাচ দিয়েই নেইমার ব্রাজিল দলে ফিরতে পারেন কি না—সেটিই এখন দেখার বিষয়।



