সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব আজ শুক্রবার (আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি) অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীর ইসকন স্বামীবাগ আশ্রম থেকে বিকেল ৩টায় শুরু হবে রথযাত্রা, যা ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হবে।
এর আগে দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন। এই উদ্বোধন করবেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব (রাজনৈতিক) গোকুল ভি কে। ইসকন সূত্রে জানা গেছে, রাজধানীতে দশটি স্থানে পৃথকভাবে রথযাত্রা হলেও মূল আকর্ষণ থাকবে স্বামীবাগ ইসকনের আয়োজিত কেন্দ্রীয় রথযাত্রা উৎসবকে ঘিরে। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কর্তৃপক্ষ, এবং লক্ষাধিক ভক্ত-অনুরাগীর সমাগমের প্রত্যাশা করা হচ্ছে।
ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী জানান, রথযাত্রা উপলক্ষে নয় দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ ২৭ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ইসকন স্বামীবাগ আশ্রমে প্রতিদিন অনুষ্ঠিত হবে অগ্নিহোত্র যজ্ঞ, ধর্মীয় আলোচনা, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পদাবলি কীর্তন, নাট্যাভিনয় প্রভৃতি। আজ সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত অগ্নিহোত্র যজ্ঞের মাধ্যমে শুরু হবে রথযাত্রার আনুষ্ঠানিকতা।
রথযাত্রা শোভাযাত্রাটি স্বামীবাগ আশ্রম থেকে শুরু হয়ে যাবে জয়কালী মন্দির, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, দৈনিক বাংলা মোড়, বায়তুল মোকাররম উত্তর গেট, পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব, কদম ফোয়ারা, হাইকোর্ট মাজার, দোয়েল চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার, জগন্নাথ হল, পলাশী মোড় হয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে পৌঁছাবে। এরপর ৫ জুলাই বিকেল ৩টায় উল্টো রথের শোভাযাত্রা একই রুট ধরে স্বামীবাগ আশ্রমে ফিরে আসার মধ্য দিয়ে সমাপ্ত হবে উৎসব।
চারুচন্দ্র দাস ব্রহ্মচারী আরও জানান, রথযাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার ও প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে। ইসকনের পক্ষ থেকেও নিজস্ব প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক দল নিয়োজিত থাকবে। সবকিছু মিলিয়ে নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে রথযাত্রা সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এছাড়া মহানগর সার্বজনীন পূজা কমিটি জানিয়েছে, আজ ঢাকায় আরও নয়টি স্থান থেকে পৃথকভাবে রথযাত্রা অনুষ্ঠিত হবে। এগুলোর মধ্যে রয়েছে—দয়াগঞ্জ জেলেপাড়া কালীমন্দির, জয়কালী মন্দির, শাঁখারীবাজার, গোয়ালনগর, তাঁতীবাজার, বঙ্কুবিহারি মন্দির, পূর্ব ঋষিপাড়া, বাসাবো কমলাপুর হাইস্কুল প্রভৃতি এলাকা। প্রতিটি স্থানে নিজ নিজ মন্দির ও কমিটির ব্যবস্থাপনায় রথযাত্রা পরিচালিত হবে।
ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক আরও জানান, ঢাকাসহ সারাদেশে ইসকনের ১২৮টি মন্দির ও আশ্রমে আজ রথযাত্রা উদযাপিত হচ্ছে। এছাড়াও দেশের অন্যান্য হিন্দু মন্দিরগুলোতেও রথযাত্রা উৎসব পালন করা হচ্ছে।



