২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের আরেকটি ডাবল হেডারের সামনে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগেই বিশ্বকাপে জায়গা নিশ্চিত করা দলটি এবার ঘোষণা করেছে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে জুন মাসে অনুষ্ঠিতব্য ম্যাচের জন্য স্কোয়াড। সবচেয়ে বড় চমক হলো, ইনজুরি কাটিয়ে আবারও দলে ফিরেছেন দলের প্রাণভোমরা, অধিনায়ক লিওনেল মেসি।
গত উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে ম্যাচগুলোতে ইনজুরির কারণে খেলতে পারেননি মেসি। তবে বর্তমানে ইন্টার মায়ামির হয়ে দারুণ ফর্মে রয়েছেন তিনি। এবার ৫ জুন সান্তিয়াগোতে চিলি ও ১০ জুন বুয়েনস আইরেসে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবেন মেসি।
মেসির পাশাপাশি দলে ফিরেছেন তরুণ প্রতিভাবান খেলোয়াড় আলেহান্দ্রো গারনাচো এবং ফরাসি ক্লাব রেসিং স্ট্রাসবুর্গে আলো ছড়ানো ভালেন্তিন বারকো। কোচ লিওনেল স্কালোনি অনেক দিন ধরেই এই দুই তরুণকে নিয়ে পরিকল্পনা করছেন, যদিও তারা এখনো জাতীয় দলের মূল একাদশে নিজেদের জায়গা পাকাপোক্ত করতে পারেননি।
গারনাচো কিছুটা ক্লাবের কোচ রুবেন আমোরিমের সঙ্গে সম্পর্কের জটিলতায় ছিলেন, তবে সাম্প্রতিক সময়ে ক্লাব ফুটবলে ফর্মে ফেরায় আবারও সুযোগ পেয়েছেন। অন্যদিকে, বারকো ফ্রান্সে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন বাঁ প্রান্তে, যা তাকে জাতীয় দলে ডাক পাওয়ার পথ করে দিয়েছে।
আর্জেন্টিনার এই স্কোয়াডে আরও জায়গা পেয়েছেন বিদেশি লিগে ভালো খেলা হুয়ান ফয়থ (ভিয়ারিয়াল), নিকোলাস ডোমিনগেজ (নটিংহাম ফরেস্ট) ও ভালেন্তিন কাস্তেলানস (লাজিও)। তবে নজর কাড়লেও এবার দলে ডাক পাননি বোলোগনার হয়ে ইতালিয়ান কাপ জেতা সান্তিয়াগো কাস্ত্রো এবং বেনহামিন ডোমিনগেজ।
এছাড়া ইনজুরির কারণে বাদ পড়েছেন গনজালো মন্তিয়েল। জাতীয় দল থেকে অনেকদিন দূরে থাকা পাওলো দিবালাও জায়গা পাননি। মার্চের শেষ দিকে ইনজুরির পর তিনি এখনো মাঠে ফিরতে পারেননি।
এটি এখনো একটি প্রাথমিক স্কোয়াড। কোচ স্কালোনি জানিয়েছেন, ক্লাব মৌসুম শেষ করে যারা ক্লান্ত থাকবে, তাদের বিশ্রামে রাখা হবে। কেবলমাত্র শতভাগ ফিট ও ম্যাচ প্রস্তুত খেলোয়াড়দেরই চূড়ান্ত স্কোয়াডে রাখা হবে।
যদিও আর্জেন্টিনা বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করেছে আগেই, তবুও বাছাইপর্বে নিজেদের আধিপত্য বজায় রাখা এবং দলের ভারসাম্য মূল্যায়নের জন্য এই ম্যাচগুলো গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কোচ স্কালোনি।



