সিনিয়র জাতীয় দলে হামজা চৌধুরীর পর এবার আলোচনায় উঠেছেন প্রবাসী তরুণ সামিত সোম। একইসঙ্গে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন দুই প্রবাসী ফুটবলার। তারা হলেন ইতালির ফেরমানা এফসিতে খেলা লেফট উইঙ্গার ও মিডফিল্ডার আব্দুল কাদির এবং ইংল্যান্ডের নিউয়ার্ক টাউন এফসির স্ট্রাইকার ফারজাদ সাইদ আফতাব, যিনি উইঙ্গার ও অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ উপলক্ষে এই দুই ফুটবলারকে নিয়ে চূড়ান্ত দল ঘোষণা করেছে। ভারতের অরুণাচল প্রদেশে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশ দল ৬ মে সকালে ঢাকা ত্যাগ করবে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ ও ভুটান। বাংলাদেশের প্রথম ম্যাচ ৯ মে মালদ্বীপের বিপক্ষে এবং ১১ মে ভুটানের বিপক্ষে। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ মে।
এই প্রবাসীদের সঙ্গে প্রাথমিক দলে ছিলেন ইংল্যান্ডের চার্লটন অ্যাথলেটিক একাডেমির ফুটবলার এলমান মতিন। তবে তিনি চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিতে পারেননি।
বাংলাদেশ দলের কোচ গোলাম রাব্বানী ছোটন জানিয়েছেন, “আমাদের লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ এগোনো। প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। দলে অনেক মানসম্পন্ন খেলোয়াড় আছে, প্রবাসীরাও ভালো মানের। আশা করছি ভালো কিছু করতে পারব।”



