শনিবার (২৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা কালবেলাকে জানান, অনিবার্য পরিস্থিতির কারণে আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। সূত্রের বরাতে জানা গেছে, মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই কারণে তাঁর থাইল্যান্ড সফরও স্থগিত করা হয়েছে। ঢাকা সফর শেষে থাইল্যান্ড যাওয়ার কথা ছিল মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিতে আগামী ৭ ডিসেম্বর ঢাকায় আসার কথা ছিল আনোয়ার ইব্রাহিমের। ওই বৈঠকে অভিবাসী কর্মী নিয়োগ ও তাঁদের কল্যাণ, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। গত ২২ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে সফরের তারিখ নিশ্চিত করা হয়েছিল।
উল্লেখ্য, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে গত জুনে দেশটি সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী হিসেবে সেটিই ছিল তাঁর প্রথম বিদেশ সফর।



