প্রযুক্তিবিষয়ক প্রতিবেদন অনুযায়ী, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে ফিচারটি চালু করেছে হোয়াটসঅ্যাপ। বর্তমানে অ্যাপটির ২.২৬.৪৬.৯ বেটা সংস্করণ ব্যবহারকারী নির্বাচিত ব্যক্তিরা এ সুবিধা পাচ্ছেন। এর মাধ্যমে পেছনের ক্যামেরা দিয়ে কোনো দৃশ্য ধারণ করার পাশাপাশি সামনের ক্যামেরায় নিজের মুখ ও প্রতিক্রিয়াও একই সঙ্গে রেকর্ড করা যাবে।
নতুন ফিচারে পেছনের ক্যামেরায় ধারণ করা দৃশ্য পুরো পর্দাজুড়ে দেখা যাবে। অন্যদিকে সামনের ক্যামেরার দৃশ্য ছোট একটি উইন্ডোতে প্রদর্শিত হবে। ব্যবহারকারীরা চাইলে উইন্ডোটি পর্দার যেকোনো স্থানে সরিয়ে রাখতে পারবেন। ফলে ভিডিওর গুরুত্বপূর্ণ দৃশ্য আড়াল হওয়ার আশঙ্কাও কমবে।
এ ছাড়া দুটি ক্যামেরার দৃশ্য অদলবদলের সুবিধাও থাকছে। ‘রোটেট’ বোতামে চাপ দিলে সামনের ক্যামেরার দৃশ্য বড় পর্দায় এবং পেছনের ক্যামেরার দৃশ্য ছোট উইন্ডোতে চলে আসবে। তবে দৃশ্যের অবস্থান পরিবর্তন হলেও উভয় ক্যামেরায় একসঙ্গে ভিডিও ধারণ অব্যাহত থাকবে।
ছবি বা ভিডিও ধারণের পর সেগুলো ব্যক্তিগত চ্যাট, গ্রুপ, চ্যানেল কিংবা স্ট্যাটাসে শেয়ার করা যাবে। শেয়ার করার আগে ক্যাপশন যুক্ত করার পাশাপাশি প্রয়োজনীয় সম্পাদনার সুযোগও পাবেন ব্যবহারকারীরা।
তবে আপাতত সীমিতসংখ্যক অ্যান্ড্রয়েড বেটা ব্যবহারকারীর জন্য ফিচারটি উন্মুক্ত করা হয়েছে। ধাপে ধাপে অন্য ব্যবহারকারীদের কাছেও এটি পৌঁছে দিচ্ছে প্রতিষ্ঠানটি। তবে অ্যাপের সর্বশেষ বেটা সংস্করণ ইনস্টল করলেই সবাই ফিচারটি পাবেন, এমন নিশ্চয়তা নেই। সাধারণ ব্যবহারকারীদের জন্য কবে নাগাদ এটি উন্মুক্ত করা হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি হোয়াটসঅ্যাপ।



