গানটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শাহরুখ খান। কারিনার সঙ্গে আবারও কাজ করার প্রসঙ্গ টেনে তিনি লিখেছেন, ‘বেবোর সঙ্গে আবারও… গানটি পুরোনো ধাঁচের, তবে এখনো দারুণ!’ একই পোস্টে তিনি জানান, আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘কিং’ সিনেমাটির।
‘ড্যাডি কুল’ গানের ভিডিওতে রঙিন পার্টির আবহে একদল নৃত্যশিল্পীর সঙ্গে নাচতে দেখা গেছে শাহরুখ ও কারিনাকে। কালো শার্ট ও প্যান্টের সঙ্গে গয়না এবং পাকা-কালো চুলের সাজে হাজির হয়েছেন শাহরুখ। অন্যদিকে কারিনাকে দেখা গেছে দুটি ভিন্ন পোশাকে। শুরুতে লাল গাউন, হাই হিল ও খোলা চুলে এবং পরে কালো পোশাক ও বেল্টের সাজে নজর কেড়েছেন তিনি।
গানটির ‘কিং ভার্সন’-এর সুর ও সংগীতায়োজন করেছেন শচীন-জিগর। কথা লিখেছেন কুমার এবং কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও শিল্পা রাও। গানটির নৃত্য পরিচালনা করেছেন বৈভবী মার্চেন্ট। এ ছাড়া অতিরিক্ত সংগীত প্রোগ্রামিংয়ে ছিলেন অভিষেক সিং ও অমৃত শর্মা। সংগীত প্রযোজনার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন রোমিল বেদ এবং গিটার ও বেজ বাজিয়েছেন রিদম শ।
উল্লেখ্য, ‘ড্যাডি কুল’ মূলত ১৯৭৬ সালে প্রকাশিত জার্মানভিত্তিক সংগীতদল বনি এমের জনপ্রিয় ডিস্কো গান। ফ্র্যাঙ্ক ফারিয়ান ও জর্জ রেয়াম গানটি রচনা করেছিলেন। বনি এমের প্রথম অ্যালবাম ‘টেক দ্য হিট অব মি’-তে গানটি অন্তর্ভুক্ত ছিল। দীর্ঘ সময় পর শাহরুখ ও কারিনাকে একসঙ্গে ফিরিয়ে আনার পাশাপাশি নতুন সংগীতায়োজনে গানটি আবারও আলোচনায় এসেছে।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশন-থ্রিলার সিনেমা ‘কিং’-এ শাহরুখ খানের পাশাপাশি অভিনয় করেছেন সুহানা খান, অভিষেক বচ্চনসহ আরও অনেকে। রেড চিলিজ এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নির্মিত সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।



