বাবুল আখতার জানান, শ্রমিকপক্ষের প্রতিনিধিরা ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা নির্ধারণের চূড়ান্ত প্রস্তাব দিয়েছিলেন। তবে বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি চূড়ান্ত করা হয়।
এর আগে সোমবার (২৩ নভেম্বর) বেলা পৌনে ১২টায় নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা শুরু হয়। সভায় মালিকপক্ষ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়ে একটি লিখিত প্রস্তাব জমা দেয়। তবে প্রস্তাবে উল্লেখ করা মজুরির পরিমাণ প্রকাশ করা হয়নি। সভা শেষে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, মালিকপক্ষের প্রস্তাব পর্যালোচনার পর উভয় পক্ষ প্রয়োজন অনুযায়ী সংশোধিত প্রস্তাব দিতে পারবে। আলোচনা শেষ হওয়ার আগে মজুরির অঙ্ক প্রকাশ করলে বিভ্রান্তি বা অযথা উত্তেজনা তৈরি হতে পারে বলেও তিনি উল্লেখ করেন। বোর্ডের সুপারিশের ভিত্তিতে সরকার চূড়ান্ত মজুরি নির্ধারণ করবে এবং তা বাস্তবায়নের দায়িত্ব থাকবে মালিকপক্ষের ওপর।
শিল্পাঞ্চলে চলমান অস্থিরতা ও ভাঙচুরের ঘটনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বোর্ডের চেয়ারম্যান। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি যৌক্তিক ও বৈধ উপায়ে তুলে ধরা উচিত। তবে গাড়ি ভাঙচুরের মতো কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের বিশৃঙ্খলা শ্রমিকদের ন্যায্য দাবির পক্ষে সহায়ক হতে পারে না বলেও তিনি মন্তব্য করেন।
বোর্ডের তৃতীয় সভায় চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য আনোয়ার হোসাইন এবং মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আসিফ আইয়ুব উপস্থিত ছিলেন। এ ছাড়া বিশেষজ্ঞ প্রতিনিধি হিসেবে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, অতিরিক্ত সিনিয়র সচিব নূর মোহাম্মদ আমিন এবং বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুল আলম সভায় অংশ নেন।
তবে মালিকপক্ষের প্রস্তাবে সন্তুষ্ট ছিলেন না শ্রমিকপক্ষের প্রতিনিধিরা। এর আগে গত ১৬ নভেম্বর মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় বাবুল আখতার পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছিলেন। শ্রমিকপক্ষের যুক্তি ছিল, চার সদস্যের একটি পরিবারের খাদ্য, পুষ্টি, বাড়িভাড়া, চিকিৎসা ও শিক্ষার ব্যয় বিবেচনায় একজন শ্রমিকের স্বাভাবিক জীবনযাপনের জন্য মাসে ৪৫ থেকে ৬০ হাজার টাকা প্রয়োজন। তবে শিল্পের সক্ষমতা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় চতুর্থ গ্রেডে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছিল।



