নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নারী অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিবছর দিবসটি পালন করা হয়। ১৯৮১ সালে লাতিন আমেরিকার নারীদের এক সম্মেলনে ২৫ নভেম্বরকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে পালনের ঘোষণা দেওয়া হয়। পরবর্তী সময়ে ১৯৯৩ সালে ভিয়েনায় অনুষ্ঠিত বিশ্ব মানবাধিকার সম্মেলনে দিবসটি স্বীকৃতি পায়। এরপর ১৯৯৯ সালের ১৭ ডিসেম্বর জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে দিবসটি পালনের স্বীকৃতি দেয়।
বাংলাদেশেও দীর্ঘদিন ধরে গুরুত্বের সঙ্গে দিবসটি পালিত হয়ে আসছে। ১৯৯৭ সাল থেকে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উদ্যাপন কমিটি বাংলাদেশে দিবসটি ও প্রতিরোধ পক্ষ পালন করে আসছে। এ উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সভা-সমাবেশ, আলোচনা, প্রচারাভিযানসহ নানা কর্মসূচির আয়োজন করে। এসব কর্মসূচির মাধ্যমে নারীর প্রতি সহিংসতা বন্ধ, সমান অধিকার প্রতিষ্ঠা এবং নিরাপদ সামাজিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
দিবসটির ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে ডোমিনিকান প্রজাতন্ত্রের তিন সাহসী নারী প্যাট্রিয়া, মারিয়া তেরেসা ও মিনার্ভা মিরাবালের নাম। ১৯৬০ সালের ২৫ নভেম্বর স্বৈরশাসক রাফায়েল ট্রুজিলোর শাসনের বিরুদ্ধে আন্দোলনে যুক্ত থাকার কারণে এই তিন বোনকে হত্যা করা হয়। তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই ২৫ নভেম্বরকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে পালনের উদ্যোগ নেওয়া হয়।
নারীর প্রতি সব ধরনের সহিংসতা, নির্যাতন ও বৈষম্যের অবসান ঘটিয়ে তাঁদের নিরাপত্তা, মর্যাদা ও সমান অধিকার নিশ্চিত করাই দিবসটির মূল লক্ষ্য। পাশাপাশি নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরা হয়।



