চলতি বছরের ১৮ জানুয়ারি মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক মরক্কোকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল সেনেগাল। অতিরিক্ত সময়ের পাপে গুয়েরের গোলে জয় নিশ্চিত করে দলটি। তবে ম্যাচ চলাকালে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে সেনেগালের খেলোয়াড়েরা মাঠ ছেড়ে চলে যাওয়ায় ফাইনালের ফলাফল নিয়ে বিতর্ক তৈরি হয়। পরে তারা আবার মাঠে ফিরে খেলা শেষ করে।
এই ঘটনার পর মরক্কোর ফুটবল ফেডারেশন সেনেগালের বিরুদ্ধে টুর্নামেন্টের নিয়ম লঙ্ঘনের অভিযোগ তোলে। আফ্রিকা কাপ অব নেশন্সের নীতিমালার ৮২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, রেফারির অনুমতি ছাড়া কোনো দল মাঠ ছেড়ে গেলে কিংবা খেলতে অস্বীকৃতি জানালে তাদের পরাজিত ঘোষণা করার বিধান রয়েছে। এই নিয়মের ভিত্তিতে গত মার্চে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ) সেনেগালের কাছ থেকে শিরোপা কেড়ে নিয়ে মরক্কোকে ৩-০ গোলে বিজয়ী ঘোষণা করে।
তবে সিএএফের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে সেনেগাল। দীর্ঘ শুনানি ও পর্যালোচনার পর সিএএস আগের রায় বাতিল করে। আদালত জানায়, ম্যাচের রেফারি জঁ-জ্যাক এনদালা খেলা পুনরায় শুরু করার ক্ষেত্রে আইনগত কোনো ভুল করেননি। কারণ, ম্যাচটি সাময়িকভাবে বন্ধ থাকলেও পরে আবার শুরু হয় এবং শেষ বাঁশি পর্যন্ত খেলা অনুষ্ঠিত হয়। ফলে সেনেগালকে পরাজিত ঘোষণা করার বিধান এখানে প্রযোজ্য নয়।
সিএএসের তিন বিচারক সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত দেন। আদালত আরও জানায়, উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও রেফারি তাঁর দায়িত্ব ও এখতিয়ার অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছিলেন। তাঁর সিদ্ধান্তকে স্বেচ্ছাচারী বলার মতো কোনো যৌক্তিক ভিত্তি পাওয়া যায়নি। এই রায়ের মধ্য দিয়ে দীর্ঘ আইনি বিতর্কের অবসান ঘটল এবং মাঠের পারফরম্যান্সের ভিত্তিতেই আফ্রিকা কাপ অব নেশন্সের ২০২৫ আসরের শিরোপা ফিরে পেল সেনেগাল।



