প্রতারকেরা অনেক সময় রেস্টুরেন্ট, দোকান কিংবা পার্কিংয়ের নির্ধারিত কিউআর কোডের ওপর নিজেদের তৈরি কোডের স্টিকার লাগিয়ে দেয়। ফলে ব্যবহারকারী কোডটি স্ক্যান করলে প্রতিষ্ঠানের পরিবর্তে প্রতারকের পেমেন্ট অ্যাকাউন্টে টাকা চলে যেতে পারে। এ ধরনের ঝুঁকি এড়াতে স্ক্যান করার আগে কোডটি ভালোভাবে পর্যবেক্ষণ করা উচিত। নতুন কোনো স্টিকার লাগানো আছে কি না কিংবা কোডটি অস্বাভাবিকভাবে বসানো হয়েছে কি না, তা খেয়াল করুন। সন্দেহ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মীদের কাছ থেকে কোডটির সত্যতা নিশ্চিত হয়ে নিন।
কিউআর কোড স্ক্যান করার পর সরাসরি খোলা লিংকে প্রবেশ না করে প্রথমে ওয়েব ঠিকানাটি যাচাই করা জরুরি। সেটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা সেবার আসল ওয়েবসাইট কি না, তা নিশ্চিত হতে হবে। প্রতারকেরা অনেক সময় পরিচিত প্রতিষ্ঠানের নামের বানানে সামান্য পরিবর্তন এনে কিংবা অতিরিক্ত শব্দ যোগ করে নকল ওয়েবসাইট তৈরি করে। এ ছাড়া ওয়েবসাইটে তালা চিহ্ন বা নিরাপদ সংযোগের সংকেত থাকলেই সেটিকে আসল বলে ধরে নেওয়া যাবে না।
বাংলা কিউআরসহ বিভিন্ন কিউআরভিত্তিক পেমেন্ট সেবায় লেনদেনের আগে প্রাপকের নাম দেখার সুযোগ রয়েছে। তাই টাকা পাঠানোর সময় নির্ধারিত অর্থের পরিমাণের পাশাপাশি প্রাপকের নামও ভালোভাবে যাচাই করতে হবে। নামটি সংশ্লিষ্ট দোকান বা প্রতিষ্ঠানের সঙ্গে না মিললে লেনদেন না করে কর্মীদের সঙ্গে কথা বলা উচিত। একইভাবে কোনো ওয়েবসাইট বা পেজে পাসওয়ার্ড, ওটিপি, ব্যাংক কার্ডের তথ্য কিংবা আর্থিক হিসাবের গোপন তথ্য চাওয়া হলে সতর্ক থাকতে হবে। বিশেষ করে এসএমএস, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা ই-মেইলে পাওয়া অপরিচিত কিউআর কোড ব্যবহারের ক্ষেত্রে বাড়তি সাবধানতা প্রয়োজন।
পুরস্কার, কুরিয়ার পার্সেল ছাড়ানো কিংবা ভুল লেনদেনের টাকা ফেরত দেওয়ার প্রলোভন দেখিয়েও প্রতারণা করা হয়। যেমন—পার্সেল পেতে নির্দিষ্ট ফি পরিশোধ, পুরস্কার গ্রহণ কিংবা টাকা ফেরত পাওয়ার জন্য কিউআর কোড স্ক্যান করতে বলা হতে পারে। আবার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখিয়ে দ্রুত তথ্য যাচাইয়ের নির্দেশও দেওয়া হতে পারে। এ ধরনের তাড়াহুড়ো তৈরি করা বার্তায় বিভ্রান্ত না হয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট, অ্যাপ বা গ্রাহকসেবার মাধ্যমে তথ্য যাচাই করা উচিত।
কিউআর কোড স্ক্যান করলেই সাধারণত ফোন হ্যাক হয়ে যায় না। তবে কোডটি কোনো ক্ষতিকর ওয়েবসাইটে নিয়ে গেলে এবং সেখানে ব্যক্তিগত বা আর্থিক তথ্য দেওয়া হলে কিংবা সন্দেহজনক অ্যাপ ডাউনলোড করা হলে নিরাপত্তাঝুঁকি তৈরি হতে পারে। তাই অচেনা পোস্টার, লিফলেট, দেয়াল কিংবা বিদ্যুতের খুঁটিতে থাকা কিউআর কোডের উৎস ও গন্তব্য সম্পর্কে নিশ্চিত না হয়ে সেটি স্ক্যান করা থেকে বিরত থাকাই ভালো।
কোনো সন্দেহজনক কিউআর কোড স্ক্যান করার পর যদি কোনো তথ্য দেওয়া বা আর্থিক লেনদেন করা না হয়ে থাকে, তাহলে সাধারণত আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়েবপেজটি বন্ধ করে দিলেই চলে। তবে সেখানে পাসওয়ার্ড দিয়ে থাকলে দ্রুত তা পরিবর্তন করতে হবে। ব্যাংক বা মোবাইল আর্থিক সেবার তথ্য প্রকাশ হয়ে গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গ্রাহকসেবায় যোগাযোগ করে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিতে হবে। এ ছাড়া সন্দেহজনক কোনো অ্যাপ ডাউনলোড হয়ে থাকলে সেটি মুছে ফেলার পাশাপাশি ফোনের নিরাপত্তা ও অ্যাপের অনুমতিগুলো পরীক্ষা করা জরুরি। কিউআর কোড ব্যবহার এড়িয়ে না গিয়ে বরং এর উৎস যাচাই, ওয়েব ঠিকানা পরীক্ষা এবং প্রাপকের পরিচয় নিশ্চিত করার মাধ্যমে সহজেই অনেক ধরনের প্রতারণার ঝুঁকি কমানো সম্ভব।



