যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় কলম্বাস ক্রুর বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচের আগে আয়োজিত এক অনুষ্ঠানে মেসির হাতে গোল্ডেন বুট তুলে দেন ক্লাবটির সহ-মালিক হোর্হে মাস। নিয়মিত মৌসুমে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয়।
২০২৬ মৌসুমে নিয়মিত লিগের ৩১ ম্যাচে ২৬ গোল করেছেন ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা। গোলসংখ্যায় তার পরেই রয়েছেন এফসি ডালাসের পেতার মুসা, যিনি করেছেন ২২ গোল। ২১ গোল নিয়ে তৃতীয় স্থানে আছেন ন্যাশভিলের স্যাম সারিজ। গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও ১৭টি গোল করিয়েছেন মেসি। ফলে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে তার মোট অবদান দাঁড়িয়েছে ৪৩টি, যা এবারের প্রতিযোগিতায় সর্বোচ্চ। প্রতি ম্যাচে গোলের গড়েও সবার ওপরে ছিলেন তিনি, ০.৮৪।
এ নিয়ে এমএলএসের ইতিহাসে ষষ্ঠ ফুটবলার হিসেবে একাধিকবার গোল্ডেন বুট জয়ের কৃতিত্ব অর্জন করলেন মেসি। তবে টানা দুই মৌসুমে এই পুরস্কার জয়ের রেকর্ড আগে কোনো ফুটবলার গড়তে পারেননি। গত ২০২৫ মৌসুমেও দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। সেবার নিয়মিত লিগে ২৯ গোলের পাশাপাশি ১৯টি অ্যাসিস্ট করেছিলেন তিনি। মোট ৪৮টি গোল-অবদানের মাধ্যমে প্রথমবারের মতো এমএলএস গোল্ডেন বুট জিতেছিলেন মেসি।
শুধু গোল্ডেন বুট নয়, ২০২৫ সালে টানা দ্বিতীয়বারের মতো এমএলএসের বর্ষসেরা খেলোয়াড় বা এমভিপি পুরস্কারও জিতেছিলেন তিনি। এবারও ২০২৬ মৌসুমের এমভিপি পুরস্কারের মনোনয়ন পেয়েছেন এই আর্জেন্টাইন তারকা। টানা তৃতীয়বারের মতো বর্ষসেরা খেলোয়াড় হওয়ার সুযোগ রয়েছে তার সামনে। এর আগে ২০২৪ ও ২০২৫ সালে এ পুরস্কার জিতেছিলেন ইন্টার মায়ামির অধিনায়ক।



