দৃষ্টিশক্তি না থাকলেও অদম্য ইচ্ছাশক্তি, সাহস ও দৃঢ় মনোবলের জোরে হিমালয়ের দুর্গম পথ পাড়ি দিয়ে মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছেছেন সৌদি আরবের যুবক রাশাদ নাকিব। তিনি প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী সৌদি নাগরিক হিসেবে এই অনন্য কৃতিত্ব অর্জন করেছেন। সৌদি অভিযাত্রী ড. বদর আল-শাইবানির নেতৃত্বে টানা নয় দিনের অভিযান শেষে নেপালে অবস্থিত এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছান তিনি।
সমুদ্রপৃষ্ঠ থেকে ৫ হাজার ৩৬৪ মিটার উচ্চতায় অবস্থিত বেস ক্যাম্পে পৌঁছাতে রাশাদকে পাড়ি দিতে হয়েছে পাহাড়ি গ্রাম, পাথুরে পথ এবং বরফে ঢাকা দুর্গম ভূখণ্ড। প্রতিকূল আবহাওয়া ও হিমশীতল তাপমাত্রার চ্যালেঞ্জ মোকাবিলা করেও নিজের লক্ষ্য থেকে পিছিয়ে যাননি তিনি।
অভিযানের পুরোটা সময় চলার জন্য ট্রেকিং পোল, স্পর্শের অনুভূতি এবং পথপ্রদর্শকদের মৌখিক নির্দেশনার ওপর নির্ভর করেছেন রাশাদ। এভারেস্ট জয়ী অভিযাত্রী বদর আল-শাইবানি পেশাদার গাইডদের সহযোগিতায় পুরো অভিযানের নেতৃত্ব দেন। পথের ধরন পরিবর্তন হলে কিংবা সামনে খাড়া কোনো ধাপ থাকলে রাশাদকে আগেই সতর্ক করে দিতেন তারা।
ইনস্টাগ্রামে অভিযানের অভিজ্ঞতা তুলে ধরে বদর আল-শাইবানি জানান, রাশাদ তার কণ্ঠস্বর, পাথরের ওপর বুটের শব্দ এবং পায়ের নিচে মাটির স্পর্শ অনুভব করে পথ চলতেন। তিনি বলেন, নিজের এভারেস্টের চূড়ায় ওঠার অভিজ্ঞতার সঙ্গে রাশাদকে নিয়ে এই অভিযানকে মেলানো যায় না। এটি ছিল সম্পূর্ণ ভিন্ন এক অভিজ্ঞতা, যা তার হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে।
রাশাদের শৃঙ্খলা, দৃঢ়তা ও সংকল্পের প্রশংসা করে বদর আল-শাইবানি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরাও যে কঠিন ও চ্যালেঞ্জিং অভিযানে অংশ নিতে পারেন, সেই বার্তা ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
অন্যদিকে, রাশাদ নাকিব এই অভিযানকে জীবনের অসাধারণ অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন। তার মতে, দুর্গম পথ ও উচ্চতার প্রতিকূলতা সত্ত্বেও গাইডদের ওপর আস্থা রেখে প্রতিটি পদক্ষেপে মনোযোগ ধরে রাখতে পেরেছেন তিনি। রাশাদের আশা, তার এই অর্জন অন্য তরুণদেরও প্রতিবন্ধকতাকে স্বপ্নপূরণের বাধা হিসেবে না দেখে নিজেদের লক্ষ্য অর্জনে সাহস জোগাবে।
এদিকে, রাশাদের এই অসাধারণ অভিযান এবং এর পেছনের মানবিক গল্প নিয়ে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করা হচ্ছে। ২০২৭ সালে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সূত্র: ডেইলি সিয়াসাত ও সৌদি গেজেট।



