২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নতুন পরিকল্পনায় এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই লক্ষ্যে জাতীয় টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক করা হয়েছে লিটন কুমার দাসকে। তার অধিনায়কত্বেই টাইগারদের নতুন পথচলা শুরু হচ্ছে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরের মধ্য দিয়ে। রোববার (৪ মে) বিসিবি আনুষ্ঠানিকভাবে এই দুটি সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে।
গত ওয়েস্ট ইন্ডিজ সফরে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অনুপস্থিত থাকায় লিটন অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পান এবং সফলভাবে দল পরিচালনা করেন। তার সেই নেতৃত্বগুণ বিবেচনায় এবার বোর্ড তাকে পূর্ণ মেয়াদে অধিনায়কত্ব দিয়েছে। সহ-অধিনায়ক হিসেবে রাখা হয়েছে শেখ মেহেদী হাসানকে, যদিও আপাতত কেবল এই দুটি সিরিজের জন্য। বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, সহ-অধিনায়ক পদের জন্য কয়েকজনকে পর্যায়ক্রমে দেখে পরে একজনকে স্থায়ীভাবে বেছে নেওয়া হবে।
চোট থেকে সেরে উঠলেও শেষ মুহূর্তে মেডিকেল ছাড়পত্র না পাওয়ায় স্কোয়াড থেকে বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ। তার পরিবর্তে দলে ফিরেছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। পেস বোলিং ইউনিটে আছেন মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানজিম হাসান সাকিব।
নাজমুল হোসেন শান্তর ফর্ম নিয়ে বেশ কিছুদিন ধরেই প্রশ্ন উঠছে। শেষ ১৮ টি-টোয়েন্টি ইনিংসে তার কোনো ফিফটি নেই এবং তার স্ট্রাইক রেট ১১০-এর নিচে নেমে এসেছে। এরপরও টিম ম্যানেজমেন্ট তার ওপর আস্থা রেখেছে। তবে ব্যাটিং লাইনআপে প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় একাদশে টিকে থাকা তার জন্য চ্যালেঞ্জ হতে পারে।
১৭ ও ১৯ মে শারজাহতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত পাকিস্তানে পাঁচ ম্যাচের সিরিজ অনুষ্ঠিত হবে—যার মধ্যে দুটি হবে ফয়সালাবাদে ও তিনটি রাওয়ালপিন্ডিতে।
ঘোষিত স্কোয়াড (বাংলাদেশ)
লিটন কুমার দাস (অধিনায়ক), শেখ মেহেদী হাসান (সহ–অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরীফুল ইসলাম।



