রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পসংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, প্রযুক্তিগত বা অন্য কোনো ধরনের সমস্যা কিংবা আকস্মিক সংকট তৈরি না হলে চলতি সপ্তাহেই প্রথম ইউনিটে উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত করার প্রস্তুতি চলছে। ইতোমধ্যে পরীক্ষামূলক উৎপাদনের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে এবং বিভিন্ন কারিগরি ব্যবস্থার মধ্যে সমন্বয় করা হচ্ছে। রিঅ্যাক্টরের তাপীয় সক্ষমতা ৪০ শতাংশে পৌঁছালে পূর্ণ উৎপাদন সক্ষমতার তুলনায় প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। এ পর্যায়ে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের পরিকল্পনা রয়েছে।
জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার পর পুরো উৎপাদন ও সরবরাহ প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। কয়েক দিন ধরে বিভিন্ন কারিগরি কার্যক্রম পরীক্ষা করে কোনো ধরনের ত্রুটি বা সমস্যা রয়েছে কি না, তা নিশ্চিত করা হবে। সবকিছু স্বাভাবিক থাকলে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হবে। এরপরই ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হতে পারে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন। এ ছাড়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অনুষ্ঠানের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। প্রধানমন্ত্রী ও রুশ প্রেসিডেন্টের অংশগ্রহণের বিষয়টি বিবেচনায় নিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন ডিসেম্বর মাসে আয়োজনের পরিকল্পনা করা হতে পারে।
বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কবে শুরু হবে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। যত দ্রুত সম্ভব এ কার্যক্রম শুরু করার চেষ্টা চলছে। তিনি জানান, পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহের পর পুরো প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। উৎপাদন ও সরবরাহের প্রতিটি পর্যায়ে সবকিছু ঠিকমতো চলছে কি না, তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে। কোনো ধরনের সমস্যা বা ত্রুটি নেই বলে নিশ্চিত হওয়ার পরই আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এ ছাড়া প্রধানমন্ত্রী কবে সময় দিতে পারবেন, তার ওপরও উদ্বোধনী অনুষ্ঠানের সময়সূচি নির্ভর করছে।
সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, প্রথম ইউনিট থেকে প্রাথমিকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার পর ধাপে ধাপে উৎপাদন বাড়ানো হবে। একই সঙ্গে জাতীয় গ্রিডে সরবরাহের পরিমাণও পর্যায়ক্রমে বৃদ্ধি পাবে। এভাবে প্রথম ইউনিটের পূর্ণ উৎপাদন সক্ষমতায় পৌঁছাতে আরও পাঁচ থেকে ছয় মাস সময় লাগতে পারে। সে হিসাবে চলতি বছর ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও আগামী বছরের এপ্রিল থেকে জুনের মধ্যে প্রথম ইউনিটের পূর্ণ সক্ষমতার বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
রাশিয়ার আধুনিক প্রযুক্তি, অর্থনৈতিক ও কারিগরি সহায়তা এবং সার্বিক তত্ত্বাবধানে পাবনার ঈশ্বরদীতে নির্মিত হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রকল্পটি বাস্তবায়ন করছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের প্রকৌশল বিভাগ অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট। কেন্দ্রটিতে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট রয়েছে। দুটি ইউনিটই পূর্ণ সক্ষমতায় চালু হলে কেন্দ্রটি থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। এর মধ্য দিয়ে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতায় যুক্ত হবে নতুন এক অধ্যায়।



