আজ আন্তর্জাতিক সিঙ্গেলস ডে: ১১/১১ ঘিরে উদযাপন ও কেনাকাটার উৎসব
আজ ১১ নভেম্বর, আন্তর্জাতিক সিঙ্গেলস ডে। প্রতি বছর ১১ নভেম্বর (১১/১১) বিশ্বজুড়ে দিবসটি উদযাপন করা হয়। অবিবাহিত ব্যক্তিদের নিজেদের সিঙ্গেল পরিচয় উদযাপন এবং নিজের প্রতি ভালোবাসা প্রকাশের বিশেষ দিন হিসেবে পরিচিত এটি। তবে সময়ের সঙ্গে অবিবাহিতদের এই উদযাপন বিশ্বের অন্যতম বৃহৎ অনলাইন শপিং উৎসবে পরিণত হয়েছে।
সিঙ্গেলস ডে উদযাপনের সূচনা ১৯৯০-এর দশকে চীনের নানজিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাত ধরে। অবিবাহিত শিক্ষার্থীরা নিজেদের একক জীবনকে ইতিবাচকভাবে উদযাপন এবং নিজেদের জন্য উপহার কেনার উদ্দেশ্যে দিনটি পালন শুরু করেন। দিনটির তারিখের মধ্যেও রয়েছে বিশেষ তাৎপর্য। ১১ নভেম্বরকে সংখ্যায় লিখলে হয় ১১/১১, যেখানে রয়েছে চারটি ‘১’। এই চারটি একক সংখ্যাকে সিঙ্গেল বা অবিবাহিত ব্যক্তিদের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।
পরবর্তী সময়ে দিনটি বাণিজ্যিক রূপ পেতে শুরু করে। ২০০৯ সালে চীনের ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা সিঙ্গেলস ডেকে বড় পরিসরে অনলাইন শপিং উৎসব হিসেবে চালু করে। এরপর থেকে বিশ্বের বিভিন্ন দেশে দিনটি ঘিরে শুরু হয় ব্যাপক কেনাকাটা ও মূল্যছাড়ের আয়োজন। বর্তমানে সিঙ্গেলস ডে বিশ্বের সবচেয়ে বড় অনলাইন শপিং আয়োজনগুলোর একটি। অনেক ক্ষেত্রে ব্ল্যাক ফ্রাইডে ও সাইবার মানডের চেয়েও বেশি কেনাকাটা হয় এই দিনকে কেন্দ্র করে।
সিঙ্গেলস ডে উপলক্ষে কেউ নিজের জন্য পছন্দের উপহার কেনেন, কেউ বন্ধুদের সঙ্গে সময় কাটান, আবার কেউ একা থাকার স্বাধীনতা ও আনন্দ উদযাপন করেন। মূলত নিজের প্রতি ভালোবাসা, আত্মনির্ভরতা এবং ব্যক্তিগত পছন্দকে গুরুত্ব দেওয়ার উপলক্ষ হিসেবেও দিনটি পালন করা হয়।



