নামের মিলের কারণে এক বছর কারাভোগ, অবশেষে মুক্তি পেলেন আলমাস
নামের মিলের কারণে ২২ বছর আগের একটি অস্ত্র মামলায় গ্রেপ্তার হয়ে এক বছর কারাভোগের পর মুক্তি পেয়েছেন ঢাকার দোহার উপজেলার সুন্দরীপাড়া গ্রামের মো. আলমাস শেখ। উচ্চ আদালতের নির্দেশের তিন দিন পর মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা পৌনে তিনটার দিকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।
আলমাসের পরিবারের সদস্যরা তাঁর মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁরা জানান, মঙ্গলবার বেলা সোয়া দুইটার দিকে তাঁর জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে পৌনে তিনটার দিকে তাঁকে মুক্তি দেওয়া হয়। এর আগে গত রোববার উচ্চ আদালত তাঁকে তাৎক্ষণিক মুক্তি দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
আলমাসের মুক্তির অপেক্ষায় আগে থেকেই কারাগারের ফটকে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী ও স্বজনেরা। মুক্তির খবর ছড়িয়ে পড়লে দোহারের বাড়িতে তাঁকে একনজর দেখতে ভিড় করেন প্রতিবেশীরা।
আলমাসের খালাতো ভাই রমজান খান বলেন, আলমাস একজন সাধারণ ইলেকট্রিক মিস্ত্রি। সহজ-সরল এই মানুষটিকে বিনা অপরাধে ১২ মাস কারাগারে থাকতে হয়েছে। এ সময়ে তাঁর পরিবারকে অনেক দুঃখ-কষ্টের মধ্য দিয়ে দিন কাটাতে হয়েছে। তাঁর মুক্তিতে এলাকাবাসী আনন্দিত।
ছেলের মুক্তিতে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানিয়ে আলমাসের বাবা শেখ খলিল কান্নাজড়িত কণ্ঠে বলেন, তাঁর নিরপরাধ ছেলেকে পুলিশ কারাভোগ করতে বাধ্য করেছে। এ ঘটনার বিচার চান তিনি।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০০২ সালে রাজধানীর মিরপুর থানায় দায়ের করা একটি অস্ত্র মামলায় মো. আলমাছ নামের এক ব্যক্তির ১০ বছরের কারাদণ্ড হয়। ওই মামলার সাজা কার্যকরের জন্য ২০২৫ সালের ৪ নভেম্বর দোহার উপজেলার সুন্দরীপাড়া গ্রামের মো. আলমাস শেখকে গ্রেপ্তার করে দোহার থানা-পুলিশ। অভিযোগ রয়েছে, নাম ও বাবার নামের আংশিক মিল থাকলেও যথাযথভাবে পরিচয় যাচাই না করেই তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সে সময় স্থানীয় লোকজন প্রতিবাদ জানান।
পরে প্রকৃত সাজাপ্রাপ্ত ব্যক্তির পরিবর্তে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে—এমন দাবি তুলে কারাগারে থাকা অবস্থায় উচ্চ আদালতে রিট করেন আলমাস। রিটের প্রাথমিক শুনানি শেষে গত ৬ সেপ্টেম্বর হাইকোর্ট রুল জারি করেন। একই সঙ্গে কারাগারে থাকা আলমাস ও মামলায় দণ্ডিত ব্যক্তির পরিচয় এবং সংশ্লিষ্ট তথ্য যাচাই করে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। আদেশ পাওয়ার ৪৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়।
আদালতের নির্দেশে দাখিল করা তদন্ত প্রতিবেদনে বলা হয়, কারাগারে থাকা মো. আলমাস ওই অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামি নন। মামলার প্রকৃত সাজাপ্রাপ্ত ব্যক্তি মো. আলমাছ বর্তমানে কানাডায় অবস্থান করছেন। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে উচ্চ আদালত আলমাসকে তাৎক্ষণিক মুক্তি দেওয়ার নির্দেশ দেন। সেই নির্দেশনার পর মঙ্গলবার কারামুক্ত হন তিনি।



