গাজীপুর সাফারি পার্কে প্রায় নয় বছর ধরে ছোট একটি কোয়ারেন্টাইন এনক্লোজারে থাকা দুই চিতাবাঘ অবশেষে পেতে যাচ্ছে আরও উপযুক্ত আবাসস্থল। তাদের জন্য ১৫০ বর্গমিটারের একটি নতুন এনক্লোজার তৈরির পরিকল্পনা করা হয়েছে, যার সম্ভাব্য ব্যয় প্রায় ৬৭ লাখ ৫০ হাজার টাকা।
নতুন আবাসস্থলে থাকবে গাছে ওঠার ব্যবস্থা, পানি ও রাতের আশ্রয়স্থল। প্রাকৃতিক পরিবেশের কাছাকাছি রাখতে প্রাকৃতিক বা কৃত্রিম গাছও রাখা হবে।
২০১৭ সালে যশোর থেকে বন্যপ্রাণী পাচারকারীদের কাছ থেকে চিতাবাঘ দুটিকে উদ্ধার করা হয়। তখন তাদের বয়স ছিল মাত্র দেড় মাস। নিয়ম অনুযায়ী মাত্র তিন সপ্তাহ কোয়ারেন্টাইনে রাখার কথা থাকলেও সেই সময় গড়িয়েছে প্রায় নয় বছরে।
দীর্ঘদিন সংকীর্ণ জায়গায় থাকার পর নতুন এই আবাসস্থল তাদের চলাফেরা ও স্বাভাবিক আচরণের সুযোগ বাড়াবে বলে আশা করা হচ্ছে। উদ্ধার করা বন্যপ্রাণীদের জন্য নিরাপদ ও প্রাণীবান্ধব পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে উদ্যোগটি গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।



