দেশের জনপ্রিয় অভিনয়শিল্পী ও উন্নয়নকর্মী রাফিয়াত রশিদ মিথিলা পেশাগত জীবনে নতুন অধ্যায়ে পা রেখেছেন। দীর্ঘ দুই দশক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাকের সঙ্গে কাজ করার পর এবার যুক্তরাষ্ট্রের খ্যাতনামা কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে যোগ দিয়েছেন তিনি। নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক দীর্ঘ পোস্টে পেশাগত জীবনের এই নতুন অধ্যায়ের খবর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জানিয়েছেন মিথিলা।
কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ‘আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ’-এ ‘অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট’ হিসেবে কাজ শুরু করেছেন তিনি। সেখানে নিউইয়র্কভিত্তিক ‘আর্লি চাইল্ডহুড অ্যান্ড ফ্যামিলি হাব’ প্রকল্পের নকশা ও মূল্যায়নে নেতৃত্ব দেবেন মিথিলা।
এই উদ্যোগের লক্ষ্য সম্পর্কে মিথিলা জানান, প্রারম্ভিক শৈশব বিকাশ, পারিবারিক সম্পৃক্ততা ও কমিউনিটি স্বাস্থ্য নিয়ে কাজ করবে প্রকল্পটি। বিশেষ করে জন্ম থেকে পাঁচ বছর বয়সী শিশুদের পরিবারকে তাদের সুস্থ বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও সহায়ক পরিবেশের সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হবে। স্থানীয় মানুষের প্রয়োজনের সঙ্গে গবেষণার লক্ষ্যগুলোর সমন্বয় ঘটিয়ে তথ্য ও প্রমাণভিত্তিক কার্যক্রমের মাধ্যমে উদ্যোগটিকে এগিয়ে নিতে নিজের বৈশ্বিক অভিজ্ঞতা কাজে লাগাতে চান তিনি।
গবেষণার পাশাপাশি শিক্ষকতাও শুরু করেছেন মিথিলা। একই সময়ে সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে ‘অ্যাডজাংক্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ হিসেবে যোগ দিয়েছেন তিনি। সেখানে ‘ননপ্রফিট ম্যানেজমেন্ট’ বিষয়ে পড়াচ্ছেন এবং শিক্ষার্থীদের বাস্তব জগতের ননপ্রফিট সংস্থাগুলোর কার্যক্রম ও ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা দিচ্ছেন।
দীর্ঘদিনের কর্মস্থল ব্র্যাকের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন মিথিলা। তিনি বলেন, তার পেশাগত যাত্রায় ব্র্যাকের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিনোদন জগতের বাইরে ব্র্যাকের সঙ্গে কাটানো দুই দশকের অভিজ্ঞতার মধ্যে প্রায় ১৫ বছর ব্র্যাক ইন্টারন্যাশনালের হয়ে আন্তর্জাতিক উন্নয়ন খাতে কাজ করেছেন তিনি। এবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিবেশ ও গবেষকদের সঙ্গে কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত মিথিলা। নতুন এই যাত্রায় সবার দোয়া চেয়েছেন তিনি। আপাতত ক্যামেরার আলো থেকে কিছুটা দূরে থেকে নিজের দীর্ঘদিনের বৈশ্বিক অভিজ্ঞতাকে গবেষণা ও উন্নয়নমূলক কাজে কাজে লাগাতে চান এই অভিনেত্রী ও উন্নয়নকর্মী।



