প্রাচীন বাংলার রূপকথায় পরিচিত ‘প্রাণভোমরা’র মিথকে আধুনিক ভালোবাসা, আবেগ ও রহস্যের সঙ্গে মিলিয়ে নির্মিত হচ্ছে নতুন ওয়েব সিরিজ ‘প্রাণভোমরা’। জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদের পরিচালনায় আইস্ক্রিন অরিজিনাল হিসেবে নির্মিত হতে যাওয়া সিরিজটি একটি সাইকোলজিক্যাল ও মিথোলজিক্যাল থ্রিলার। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন তৌসিফ মাহবুব ও নতুন মুখ শ্রেয়সী শ্রেয়া।
বুধবার (২৩ সেপ্টেম্বর) চ্যানেল আইয়ের স্টুডিও বারান্দায় সিরিজটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, নির্মাতা ভিকি জাহেদ, অভিনেতা তৌসিফ মাহবুব ও অভিনেত্রী শ্রেয়সী শ্রেয়া। এর আগে আইস্ক্রিনে ‘চক্র’ ও ‘চক্র-২’ নির্মাণ করে দর্শকদের মধ্যে সাড়া ফেলেছিলেন ভিকি জাহেদ। এবার ভিন্ন আবহ ও গল্প নিয়ে হাজির হচ্ছেন তিনি।
‘প্রাণভোমরা’র গল্পে প্রাচীন বাংলার পরিচিত মিথকে আধুনিক সময়ের ভালোবাসা, সম্পর্ক, আবেগ ও মনস্তাত্ত্বিক রহস্যের সঙ্গে যুক্ত করা হয়েছে। রূপকথায় যেমন কোনো চরিত্রের প্রাণ রহস্যময় ভোমরার মধ্যে লুকিয়ে থাকার কথা বলা হতো, তেমনি এই সিরিজে ‘প্রাণভোমরা’কে ভালোবাসার প্রতীক হিসেবে নতুনভাবে উপস্থাপন করা হবে। মানুষের শরীর একসময় হারিয়ে গেলেও তার অনুভূতি, আবেগ ও ভালোবাসা কি সত্যিই শেষ হয়ে যায়—অতীত কি আবার সেই অনুভূতির টানে ফিরে আসতে পারে—এমন নানা প্রশ্নের উত্তর খুঁজবে সিরিজটির গল্প।
নির্মাতাদের ভাষ্য, ছোটবেলায় শোনা ‘প্রাণভোমরা’র রূপকথার সঙ্গে সিরিজটির গল্পের সরাসরি মিল নেই। বরং চিরপরিচিত সেই মিথকে আধুনিক প্রেক্ষাপটে নতুন আঙ্গিকে তুলে ধরা হয়েছে। সত্যিকারের ভালোবাসা কোথায় লুকিয়ে আছে, কেন তাকে খুঁজে বের করতে হবে এবং সেই ভালোবাসাকে ধ্বংস করার প্রয়োজনই বা কেন—গল্পের নানা বাঁকে ধীরে ধীরে উন্মোচিত হবে এসব রহস্য।
সিরিজটিতে তৌসিফ মাহবুবের সঙ্গে নতুনভাবে জুটি বাঁধছেন শ্রেয়সী শ্রেয়া। নির্মাতা ভিকি জাহেদ জানিয়েছেন, প্রতিষ্ঠিত অভিনয়শিল্পীদের পাশাপাশি নতুন মুখকে সুযোগ দেওয়ার লক্ষ্যেই এই জুটি নির্বাচন করা হয়েছে। গুরুত্বপূর্ণ আরও কয়েকটি চরিত্রে অভিনয় করবেন ইন্তেখাব দিনারসহ পরিচিত কয়েকজন অভিনেতা-অভিনেত্রী।
‘প্রাণভোমরা’ দিয়ে প্রথমবারের মতো ওটিটিতে অভিষেক হচ্ছে শ্রেয়সী শ্রেয়ার। নতুন এই সুযোগের জন্য প্রস্তুতি হিসেবে তিনি গ্রুমিং ও প্রশিক্ষণের পাশাপাশি অভিনয়, পড়াশোনা ও ফিটনেস নিয়ে কাজ করছেন বলে জানান। অন্যদিকে তৌসিফ মাহবুব বলেন, নতুন শিল্পীদের সঙ্গে কাজ করতে তিনি আগ্রহী এবং তাদের জন্য সুযোগ তৈরি হওয়াকে ইতিবাচকভাবে দেখেন।
সিরিজটির শুটিং আগামী অক্টোবর মাসে শুরু হওয়ার কথা রয়েছে। শুটিং শেষ হওয়ার পর খুব শিগগিরই আইস্ক্রিন ওটিটি প্ল্যাটফর্মে ‘প্রাণভোমরা’ মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পরিচালক ও প্রযোজনা-সংশ্লিষ্টরা।



