বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ নারী দলকে নিয়ে আয়োজিত হতে যাওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ২ থেকে ১৬ অক্টোবর পাকিস্তানের ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই সিরিজ।
ত্রিদেশীয় সিরিজে তিন দলই লিগ পর্বে একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। ফলে প্রতিটি দল মোট চারটি লিগ ম্যাচে অংশ নেবে। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল মুখোমুখি হবে ফাইনালে। সিরিজের প্রতিটি ম্যাচ শুরু হবে স্থানীয় সময় সকাল ১০টায়।
বাংলাদেশ ও শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ নারী দল ২৯ সেপ্টেম্বর পাকিস্তানে পৌঁছাবে। সিরিজ শুরুর আগে ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে তিন দলই অনুশীলন করবে। ভেন্যুটিতে এবারই প্রথম কোনো নারী বহুজাতিক সিরিজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে ২০২৫ সালের নভেম্বরে দীর্ঘ ১৭ বছর পর দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান ওয়ানডে সিরিজের মধ্য দিয়ে মাঠটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছিল।
আসন্ন এসিসি অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ ও আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে তিন দলের কাছেই এই সিরিজটি গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতামূলক ম্যাচের মাধ্যমে নিজেদের প্রস্তুতি যাচাই করার পাশাপাশি বড় টুর্নামেন্টের আগে দলীয় সমন্বয় ও কৌশল আরও পরিপক্ব করার সুযোগ পাবে দলগুলো।
একনজরে বাংলাদেশের ম্যাচের সূচি:
২ অক্টোবর — পাকিস্তান বনাম বাংলাদেশ
৫ অক্টোবর — শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ
৬ অক্টোবর — পাকিস্তান বনাম বাংলাদেশ
৮ অক্টোবর — বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
১১ অক্টোবর — পাকিস্তান বনাম বাংলাদেশ
১৪ অক্টোবর — শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ
১৬ অক্টোবর — ফাইনাল



