কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে কোনো আইনজীবী না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা জেলা আইনজীবী সমিতি। সমিতির নেতারা জানিয়েছেন, মানবিক দৃষ্টিকোণ থেকেই তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে জেলা আইনজীবী সমিতি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ সিদ্ধান্তের কথা জানান সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সহিদ উল্লাহ ও সাধারণ সম্পাদক মো. মাহাবুবুল হক খন্দকার। সভায় জেলা পিপি অ্যাডভোকেট কাইমুল হক রিংকুসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় অপ্রতিম হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা, প্রকৃত অপরাধীদের শনাক্ত করা এবং আইনের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। অ্যাডভোকেট মো. সহিদ উল্লাহ বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে মৌখিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির কোনো সদস্য অপ্রতিম হত্যা মামলায় আসামিদের পক্ষে আইনগত লড়াই করবেন না।
তবে কোনো আইনজীবী আসামিদের পক্ষে না দাঁড়ালে ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে সমস্যা হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এ ক্ষেত্রে রাষ্ট্র আসামিদের পক্ষে আইনজীবী নিয়োগ করতে পারে। কারণ আসামিপক্ষের আইনগত প্রতিনিধিত্ব ছাড়া একতরফা বিচার হলে ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে।



