টেক জায়ান্ট অ্যাপল মানবদেহ থেকে চৌম্বকীয় সংকেত শনাক্ত করার প্রযুক্তি অধিগ্রহণ করে তাদের স্বাস্থ্য ও পরিধানযোগ্য (Wearable) প্রযুক্তি ব্যবসায় নতুন মাত্রা যোগ করেছে। এই পদক্ষেপের ফলে অ্যাপল ওয়াচসহ বিভিন্ন স্মার্ট ডিভাইসে ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস এবং উন্নত হেলথ মনিটরিং সুবিধা যুক্ত করার পথ সুগম হলো।
২০১৮ সালে প্রতিষ্ঠিত ক্যালিফোর্নিয়াভিত্তিক ডিপ-টেক প্রতিষ্ঠান ‘সোনেরা ম্যাগনেটিক্স’ সংকেত শনাক্তকরণে এই বৈপ্লবিক সেন্সর তৈরি করে। প্রতিষ্ঠানটির তৈরি এই ছোট আকারের ম্যাগনেটিক সেন্সরটি মস্তিষ্ক, স্নায়ু এবং পেশী থেকে উৎপন্ন চৌম্বকীয় সংকেত অত্যন্ত নিখুঁতভাবে শনাক্ত করতে পারে। আগে যা পরিমাপ করতে বড় আকারের জটিল ডিভাইসের প্রয়োজন হতো, এই প্রযুক্তির ব্যবহারে তা অনেক সহজ ও ছোট আকারে রূপান্তর করা সম্ভব হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের অধিগ্রহণ সংক্রান্ত রেকর্ড থেকে জানা যায়, ২০২৬ সালের মে মাসে অ্যাপল এই অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করেছে। যদিও চুক্তিটির আর্থিক বিবরণ কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি, তবে ইউরোপীয় কমিশনের প্রকাশনা অনুযায়ী অ্যাপল সোনেরার নির্দিষ্ট কিছু সম্পদ অধিগ্রহণ করেছে এবং তাদের কর্মীদের নিজস্ব কাজের সাথে যুক্ত করেছে।



