২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম পর্যায়ের আবেদন ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। প্রথম ধাপে মোট ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী পছন্দের কলেজে মনোনীত হয়েছেন। বিপুলসংখ্যক শিক্ষার্থী ভর্তির সুযোগ পেলেও প্রথম ধাপে কোনো কলেজ পাননি ১৪ হাজার ৪১৫ জন আবেদনকারী।
প্রথম ধাপে আসন না পাওয়া শিক্ষার্থীদের মধ্যে বেশ চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে ভালো ফল করা শিক্ষার্থীদের বাদ পড়া। এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েও আসন পাননি ২,২০৫ জন শিক্ষার্থী। মূলত পছন্দের তালিকার অসঙ্গতি এবং আসন সংখ্যার তুলনায় নির্দিষ্ট কিছু নামীদামি কলেজে অতিরিক্ত আবেদনের কারণেই এমনটি ঘটেছে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে এই ভর্তি প্রক্রিয়ায় কলেজগুলোর শিক্ষার্থী পাওয়ার চিত্রে চরম অসমতা লক্ষ্য করা গেছে। আবেদন পাওয়া সত্ত্বেও মোট ৪১৬টি কলেজ কোনো শিক্ষার্থী বরাদ্দ পায়নি। এছাড়া ১১টি কলেজে কোনো শিক্ষার্থী আবেদনই করেননি।
ভর্তি প্রক্রিয়া শেষে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে নতুন শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ক্লাস আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে। আসন না পাওয়া শিক্ষার্থীরা পরবর্তী ধাপের আবেদন প্রক্রিয়ায় আবার অংশ নিতে পারবেন।



