চীনে চলমান অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকি টুর্নামেন্টে দারুণ এক দিন কাটিয়েছে বাংলাদেশ। একই দিনে নারী ও পুরুষ—দুই দলই কাজাখস্তানকে হারিয়েছে। সকালে বাংলাদেশ পুরুষ দল ৪-২ গোলে এবং বিকেলে নারী দল ৪-০ গোলে কাজাখস্তানকে পরাজিত করে। ফলে একই দিনে দুই দলের জয়ে উচ্ছ্বসিত বাংলাদেশের হকি অঙ্গন।
পুরুষ দলের জন্য জয়টি ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। টুর্নামেন্টের প্রথম ম্যাচে স্বাগতিক চীনের কাছে ৩-২ গোলে এবং দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪-২ গোলে হেরে কিছুটা চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। তবে কাজাখস্তানের বিপক্ষে দাপুটে জয়ে প্রথম পয়েন্টের দেখা পেয়েছে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলে প্রতিপক্ষকে চাপে রাখে অনূর্ধ্ব-২০ দল। বাংলাদেশের হয়ে একটি করে গোল করেন শিমুল ইসলাম, মেহেদী হাসান অভি, তৈয়ব আলী ও মুন্না ইসলাম।
যুব এশিয়া কাপে ষষ্ঠ স্থান অর্জনকারী দলগুলো যুব বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। গত আসরে বাংলাদেশ যুব বিশ্বকাপে খেলেছিল। এবার টানা দুই ম্যাচে হারের পর বাংলাদেশের সেই সম্ভাবনা কিছুটা অনিশ্চিত হয়ে পড়েছিল। তবে কাজাখস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ জয় বিশ্বকাপে খেলার স্বপ্ন আবারও বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ জুনিয়র হকি দল। পরবর্তী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ওই ম্যাচের ফলাফলের ওপরই পরবর্তী স্থান নির্ধারণী পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ অনেকটা নির্ভর করবে।
অন্যদিকে, বাংলাদেশ নারী দলও টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে রয়েছে। টানা তিন ম্যাচে জয় তুলে নিয়ে তারা চ্যালেঞ্জার গ্রুপের শীর্ষে অবস্থান করছে। শেষ ম্যাচে হংকংয়ের বিপক্ষে হারলেও গ্রুপের শীর্ষস্থান ধরে রাখার ক্ষেত্রে বড় কোনো সমস্যা হবে না বলে জানা গেছে। সব মিলিয়ে নারী ও পুরুষ দলের সাফল্যে বাংলাদেশের জন্য দিনটি হয়ে উঠেছে স্মরণীয়।



