ফুটবল মাঠের বাইরেও কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে সামনে এসেছে উদ্বেগজনক এক তথ্য। ফরাসি সংবাদমাধ্যম লা পারিজিয়েন-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ১৮ বছর বয়সী এক তরুণের নেতৃত্বে পরিচালিত একটি কথিত অপরাধ চক্রের সম্ভাব্য টার্গেটের তালিকায় ছিলেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপ্পে।
প্রতিবেদন অনুযায়ী, ফুটবলার, র্যাপার ও বিত্তশালী ব্যক্তিদের অপহরণ এবং তাদের ওপর হামলার পরিকল্পনা করছিল ওই চক্র। তদন্তকারীদের ধারণা, কারাগারে বসেই স্ন্যাপচ্যাটের মাধ্যমে নেটওয়ার্কটির কার্যক্রম পরিচালনা করছিলেন ১৮ বছর বয়সী ফরাসি-সুইস তরুণ ক্লিমেন্ট এল.। বর্তমানে সশস্ত্র ডাকাতি ও মানবপাচার-সংক্রান্ত অপরাধে ভিলপেন্ট কারাগারে সাজা ভোগ করছেন তিনি।
তদন্তকারীদের সন্দেহ, ‘লেস্টার জেড.’ ছদ্মনামে স্ন্যাপচ্যাট ব্যবহার করে কারাগার থেকেই কথিত অপরাধমূলক কর্মকাণ্ড সমন্বয় করছিলেন ক্লিমেন্ট। গত এপ্রিলে নুই-সুর-সেন এলাকায় এক ঘড়ি ব্যবসায়ীর ওপর হামলার তদন্ত করতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই কথিত নেটওয়ার্কের সন্ধান পায়।
এরপর সন্দেহভাজনদের সঙ্গে যুক্ত কয়েকটি ফোন পরীক্ষা করে সম্ভাব্য টার্গেট হিসেবে চিহ্নিত বিভিন্ন ব্যক্তির ঠিকানা ও ব্যক্তিগত তথ্য পাওয়ার দাবি করেছেন তদন্তকারীরা। তালিকায় গায়ক, ফুটবলার ও বিত্তশালী ব্যবসায়ীদের নাম ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্যারিসের ১৯তম অ্যারোঁদিসমঁর এক চীনা ব্যবসায়ী, এক গহনা ব্যবসায়ী এবং ভাল-দোয়াজ বিভাগের এক তুর্কি পাইকারি বিক্রেতার নামও ওই তালিকায় থাকার কথা জানিয়েছে লা পারিজিয়েন।
তবে তালিকায় থাকা নামগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে এমবাপ্পের নাম। সংবাদমাধ্যমটির উদ্ধৃত একটি বিচারিক সূত্রের দাবি, সন্দেহভাজন ব্যক্তি একজন র্যাপার এবং ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকেও টার্গেট করতে চেয়েছিলেন। তবে বিষয়টি এখনো তদন্তসংশ্লিষ্ট অভিযোগ ও দাবির পর্যায়ে রয়েছে।



