বর্তমান সময়ে স্মার্টফোনের দ্রুত চার্জিং প্রযুক্তি দৈনন্দিন জীবনকে অনেক সহজ করে তুলেছে। প্রযুক্তির উন্নতির ফলে চার্জিং ক্ষমতা ৩০ ওয়াট থেকে বেড়ে এখন ১০০ ওয়াটেরও বেশি হয়েছে। তবে ফাস্ট চার্জিং নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে—দ্রুত চার্জ দিলে কি দীর্ঘমেয়াদে ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যায়? প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ফাস্ট চার্জিং নিজে থেকে ব্যাটারি নষ্ট করে না। তবে দ্রুত চার্জিংয়ের সময় তুলনামূলক বেশি তাপ তৈরি হতে পারে, আর দীর্ঘদিন অতিরিক্ত তাপের সংস্পর্শে থাকলে ব্যাটারির স্বাস্থ্য ও ধারণক্ষমতা ধীরে ধীরে কমতে পারে।
আধুনিক স্মার্টফোনে সাধারণত লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়। ফোন চার্জ দেওয়ার সময় ব্যাটারির ভেতরে লিথিয়াম আয়ন একদিকে চলাচল করে এবং ফোন ব্যবহারের সময় সেই প্রক্রিয়া বিপরীতভাবে ঘটে। এই চার্জ ও ডিসচার্জ প্রক্রিয়ায় স্বাভাবিকভাবেই কিছুটা তাপ উৎপন্ন হয়। ফাস্ট চার্জিংয়ের ক্ষেত্রে অল্প সময়ে বেশি শক্তি ব্যাটারিতে প্রবেশ করায় তাপমাত্রা তুলনামূলকভাবে কিছুটা বাড়তে পারে। দীর্ঘ সময় ধরে অতিরিক্ত তাপের প্রভাব থাকলে ব্যাটারির কর্মক্ষমতা ও ধারণক্ষমতা কমে যাওয়ার আশঙ্কা থাকে।
তবে আধুনিক স্মার্টফোনের ব্যাটারি ও চার্জিং প্রযুক্তি আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। নির্মাতারা ব্যাটারির স্থায়িত্ব বাড়াতে তাপমাত্রা, ভোল্টেজ ও বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন সুরক্ষা ব্যবস্থা যুক্ত করছেন। ফলে নির্দিষ্ট সংখ্যক চার্জ সাইকেল পার হওয়ার পরও ব্যাটারি দীর্ঘ সময় ব্যবহারযোগ্য থাকে।
ফাস্ট চার্জিং কতটা নিরাপদ—এ প্রশ্নের উত্তরে বলা যায়, ফোনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং নির্মাতার অনুমোদিত চার্জার ও চার্জিং প্রযুক্তি ব্যবহার করলে এটি সাধারণত নিরাপদ। আধুনিক অনেক স্মার্টফোন অতিরিক্ত তাপ শনাক্ত করতে পারে এবং প্রয়োজন হলে স্বয়ংক্রিয়ভাবে চার্জিংয়ের গতি কমিয়ে দেয়। তাই ফাস্ট চার্জিং নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই।
তবে ফোন চার্জ দেওয়ার সময় কিছু বিষয়ে সতর্ক থাকা জরুরি। অতিরিক্ত গরম অবস্থায় ফোন চার্জ দেওয়া, রোদে রেখে চার্জ করা কিংবা বালিশ বা কম্বলের নিচে রেখে চার্জ দেওয়া উচিত নয়। একই সঙ্গে নিম্নমানের বা অননুমোদিত চার্জার ব্যবহার করাও এড়িয়ে চলা ভালো।
সব মিলিয়ে, ফাস্ট চার্জিংয়ের চেয়ে অতিরিক্ত তাপই স্মার্টফোনের ব্যাটারির জন্য বড় ঝুঁকি। উপযুক্ত চার্জার ব্যবহার এবং ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখলে দৈনন্দিন ব্যবহারে ফাস্ট চার্জিং সাধারণত নিরাপদ। তাই ‘ফাস্ট চার্জিং মানেই ব্যাটারি দ্রুত নষ্ট’—এ ধারণা পুরোপুরি সঠিক নয়।
সূত্র: পিসি ম্যাক



