দীর্ঘ চার বছর পর আবারও ঢাকাবাসীকে সুরের মূর্ছনায় মাতাতে আসছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রোমানিয়ান পপ গায়িকা ওটেলিয়া ব্রুমা। ২০২২ সালে নকিয়া জি২১-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার পর বাংলাদেশে এটি তাঁর দ্বিতীয় সফর হতে যাচ্ছে। সম্প্রতি শিল্পী নিজে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে কনসার্টের অফিশিয়াল পোস্টার প্রকাশ করে বাংলাদেশে আসার এই বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামী ২৭ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এই কনসার্টের শিরোনাম দেওয়া হয়েছে ‘ওটেলিয়া রিটার্নস: বিলিওনেরা লাইভ ইন ঢাকা’। ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘ইমেকার্স বাংলাদেশ’ (Emakers Bangladesh) এই আন্তর্জাতিক একক কনসার্টটি আয়োজন করছে। অরিজিৎ সিং ও নেহা কক্কড়ের মতো বড় বড় তারকাদের সফল ইভেন্ট সম্পন্ন করা এই প্রতিষ্ঠানটি আশা করছে, এই শো-টি চলতি বছরের অন্যতম বড় মিউজিক্যাল ইভেন্ট হতে চলেছে।
২০১৪ সালে মুক্তি পাওয়া স্প্যানিশ ও ইংরেজি ভাষার সংমিশ্রণে গাওয়া হিট ট্র্যাক ‘বিলিওনেরা’ দিয়ে ওটেলিয়া বিশ্বব্যাপী ড্যান্স-পপ ও ক্লাবে পরিচিতি অর্জন করেন। আয়োজকরা জানিয়েছেন, ঢাকার একটি আন্তর্জাতিক মানের ভেন্যুতে কনসার্টটির প্রস্তুতি চলছে এবং খুব দ্রুতই ভেন্যু সংক্রান্ত বিস্তারিত ও টিকিট বিক্রির আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হবে।



