বাংলাদেশি নাগরিকদের জন্য দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ ও সুশৃঙ্খল করতে ঢাকায় নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করতে যাচ্ছে দেশটির দূতাবাস। আগামী ২ সেপ্টেম্বর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে ‘কোরিয়া ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার’ চালু হওয়ার কথা রয়েছে।
নতুন কেন্দ্র চালুর পর সাধারণ ভিসা আবেদন এবং পাসপোর্ট সংগ্রহসংক্রান্ত কার্যক্রম শুধুমাত্র এই কেন্দ্রের মাধ্যমেই পরিচালিত হবে। তবে কূটনৈতিক ও অফিসিয়াল ভিসার ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে। এসব ভিসার জন্য কূটনৈতিক নোটের মাধ্যমে পাসপোর্ট গ্রহণ ও ভিসা ইস্যুর কাজ সরাসরি দক্ষিণ কোরিয়ার দূতাবাস পরিচালনা করবে।
নতুন ভিসা আবেদন কেন্দ্রটি হবে ২ এফ, বি অ্যান্ড টি নেহালিয়া টাওয়ার, প্লট-৮০, ব্লক-বি, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, ঢাকা-১২১৩ ঠিকানায়। আবেদনকারীদের সুবিধার জন্য সেখানে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থাও চালু করা হবে। তবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পদ্ধতি এবং কবে থেকে এটি শুরু হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য আগামী ২৭ আগস্ট পৃথকভাবে জানানো হবে।
এদিকে নোটারাইজেশন ও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটসংক্রান্ত সেবাগুলো আগের মতোই দক্ষিণ কোরিয়ার দূতাবাস থেকে পাওয়া যাবে। নতুন ভিসা কেন্দ্রের কার্যক্রমের সময়সূচি, আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় কাগজপত্র, ফি এবং অন্যান্য নিয়মকানুনও পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।
দক্ষিণ কোরিয়ার ভিসার জন্য আবেদন করতে আগ্রহীদের নতুন ভিসা আবেদন কেন্দ্রসংক্রান্ত পরবর্তী সরকারি ঘোষণা নিয়মিত অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। দূতাবাসের প্রত্যাশা, নতুন কেন্দ্র চালুর মাধ্যমে আবেদনকারীদের ভোগান্তি কমবে এবং ভিসা সেবা আরও সহজ, কার্যকর ও সুশৃঙ্খল হবে।



