বয়সের ভার ও নানা শারীরিক সীমাবদ্ধতাকে পেছনে ফেলে জীবনযুদ্ধের এক অনন্য উদাহরণ তৈরি করেছেন চুয়াডাঙ্গার মোমিনপুর ইউনিয়নের কবিখালি গ্রামের প্রবীণ আব্দুল বারী। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তাঁর বয়স প্রায় ৯৯ বছর হলেও, নিজের ও স্থানীয়দের দাবি অনুযায়ী তাঁর বর্তমান বয়স ১১৫ বছরেরও বেশি।
এই পরিণত বয়সেও বেঁচে থাকার লড়াই থামেনি তাঁর। প্রতিদিন সাইকেল চেপে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কড়াই ও হাঁড়ি-পাতিল সারাই করে জীবিকা নির্বাহ করেন তিনি। স্ত্রী মারা গেছেন বেশ কিছুদিন আগে, আর দুই মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় বর্তমানে তিনি একাই বসবাস করেন। নিজের রান্না, কাপড় ধোয়া থেকে শুরু করে সংসারের সব কাজ তাকে নিজেই সামলাতে হয়।
বার্ধক্যের কারণে এখন সাইকেল চালানো এবং কাজ চালিয়ে যাওয়া তাঁর জন্য ক্রমশ কঠিন হয়ে পড়ছে। সন্তানদের অবহেলা ও একাকীত্বের এই বয়সে একটু স্বস্তিতে দিন কাটানোর জন্য সরকারের কাছে একটি বয়স্ক ভাতার আবেদন জানিয়েছেন এই কর্মঠ বৃদ্ধ।



